বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বিনিময়ে দ্রুত অনুমতি দিচ্ছে ভারত
বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বিনিময় শুরু করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী সপ্তাহে দেশটির ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনকে (এনটিপিসি) অনুমতি দেবে। গত মঙ্গলবার নয়াদিল্লিতে এ ব্যাপারে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এ কথা জানান ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বিনিময়ের পুরো বিষয়টি ভারতীয় পক্ষে দেখভাল করবে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম (এনভিভিএন)।ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম রবিকান্ত বলেন, কয়েক মাসের মধ্যেই ভারতের এনটিপিসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি ও যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, এনটিপিসি ও বিপিডিবির মধ্যে চলতি বছর এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হবে।এ সমঝোতা স্মারক সই হলে চলতি বছরই দুই দেশ যৌথ উদ্যোগে একটি এক হাজার ২৪০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবে। আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। কয়লাচালিত এই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের দায়িত্ব থাকবে বাংলাদেশের ওপর।বাংলাদেশের সঙ্গে আন্তসীমান্ত বিদ্যুৎ-বাণিজ্যের দায়িত্বে থাকবে এনভিভিএন। ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার পর বাংলাদেশ ভারতের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে তারা কিনতে প্রস্তুত। ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এনটিপিসি বর্তমানে দেশে এ ধরনের ১১টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বানের প্রাথমিক পর্যায়ে রয়েছে।বিদ্যুৎ কেনাবেচার ক্ষেত্রে বাংলাদেশ চাইলে এনভিভিএনের মাধ্যমে প্রতিবেশী ভুটানের সঙ্গেও যুক্ত হতে পারে। এনভিভিএনের এক কর্মকর্তা জানান, প্রতিবেশী দেশ হিসেবে এনভিভিএনের মাধ্যমে একমাত্র ভুটানের সঙ্গে ভারতের বিদ্যুৎ-বাণিজ্য চুক্তি রয়েছে। ২০০৯ সালে ভারত ও ভুটানের মধ্যে এই চুক্তি হলেও এখনো এক মেগাওয়াট বিদ্যুৎও লেনদেন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন ও বিদ্যুৎ-বাণিজ্যের ক্ষেত্রে একটি আঞ্চলিক মুক্তবাজার প্রতিষ্ঠা করতে চায় এনভিভিএন।বিদ্যুৎ সরবরাহ সেবা নিয়ে আগামী মাসে পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া (পিজিসিআইএল) এবং বিপিডিবির মধ্যে একটি চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার কথা। এটা করা হলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত ১৩০ কিলোমিটার সরবরাহ লাইন স্থাপনে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯২০ কোটি রুপি। এর মধ্যে ভারত ১৭০ কোটি রুপি এবং বাকি ৭৫০ কোটি রুপি বিপিডিবি জোগান দেবে।ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর মাধ্যমে ভারতের সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য যথাযথ প্রক্রিয়ায় এনভিভিএনের সঙ্গে চুক্তি করবে পিডিবি। এ ছাড়া ভারতের বিদ্যুৎ বাজার থেকে আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।