বাংলাদেশের সঙ্গে ভূমি-বিনিময় চুক্তির বিরোধী বিজেপি
বাংলাদেশ-ভারতের মধ্যে ভূমি-বিনিময় চুক্তি হয়েছিল গত সেপ্টেম্বর মাসে মনমোহনের বাংলাদেশ সফরে। এতে দুই দেশের বাসিন্দারা খুশিও হয়েছে। কিন্তু ভারতে শুরু হয়েছে এই চুক্তি কার্যকরের বিরোধিতা।ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত শনিবার অভিযোগ করেছে, এ চুক্তি সংবিধানবিরোধী। বিজেপির সাংসদ রমেন ডেকা বলেছেন, ‘এ চুক্তির কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতে হবে।’‘লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। বাংলাদেশের সঙ্গে করা ভূমি-বিনিময় চুক্তির বিষয়টি আসন্ন শীতকালীন অধিবেশনে তুলব। এ নিয়ে সংসদে বিতর্ক হবে। সংসদই হচ্ছে একমাত্র কর্তৃপক্ষ, যারা ভূমি-বিনিময় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ বলছিলেন ডেকা।বিজেপির এই সাংসদের অভিযোগ এ ভূমি-বিনিময় চুক্তির ফলে ভারত ১১ হাজার একর জমি হারাবে।ডেকা বলেন, ‘এ ভূমি-বিনিময় চুক্তি বিভ্রান্তিকর। এটি সরকারের একটি অগণতান্ত্রিক কাজ। আমরা যেকোনো ফোরামে এই চুক্তির বিরোধিতা করব।’এদিকে আসামের বিধানসভার বিশেষ বৈঠকে জানানো হয়, এ চুক্তির ফলে আসাম পাবে এক হাজার ২৪০ একর জমি—বিনিময়ে বাংলাদেশকে দিতে হবে ১৯৩ একর জমি।’আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ওই বিশেষ বৈঠকে বলেন, ‘চুক্তিতে ভারতের দখলে থাকা ভূমির কথা নেই।’ তিনি বলেন, ‘কেউ যদি দেখাতে পারে যে ভারতের দখলে থাকা ভূমি নিয়ে চুক্তি হয়েছে, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।’ টাইমস অব ইন্ডিয়া।