উইকিলিকস: মরিয়ার্টিকে ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের সঙ্গে লেনদেনে সন্ত্রাসবাদ বেশি গুরুত্বপূর্ণ
ভারতের একজন শীর্ষ কর্মকর্তা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের ক্ষেত্রে বাংলাদেশকে ‘প্রায় নিষ্কলুষ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি উদ্বিগ্ন। তিনি আরও বলেন, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সন্ত্রাসবাদই এককভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় উল্লেখ করেন, ২০০৮ সালের ২৫ আগস্ট নয়াদিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব টি এস তিরুমূর্তি তাঁকে ওই কথা বলেন।তারবার্তায় বলা হয়, তিরুমূর্তি মরিয়ার্টিকে বলেন, ভারতে সংঘটিত অন্তত কিছু বোমা হামলার উ ৎস খুঁজলে ‘স্পষ্টই দেখা যাবে’, তা বাংলাদেশ থেকে হয়েছে। বাংলাদেশকে তিনি একাধারে ইসলামি জঙ্গিবাদীদের কার্যক্রমের ক্ষেত্র ও নিরাপদ আশ্রয় বলে বর্ণনা করেন।তিরুমূর্তির সঙ্গে বৈঠকের পর ৪ সেপ্টেম্বর ঢাকা থেকে ওয়াশিংটনে তারবার্তাটি পাঠান রাষ্ট্রদূত মরিয়ার্টি। এটি গত ৩০ আগস্ট উইকিলিকসের ফাঁস করা অন্যতম তারবার্তা।তারবার্তায় মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে মার্কিন সরকারের ‘এত বেশি’ যোগাযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চান তিরুমূর্তি। জবাবে রাষ্ট্রদূত বলেন, জামায়াতকে ‘ইতিবাচক’ ও ‘অহিংস’ পথে রাখতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য দলটির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলে। যদিও জামায়াতের কিছু সদস্য চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে স্বীকার করেন রাষ্ট্রদূত। তিরুমূর্তিকে তিনি আরও বলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে কিছু ভারতীয়ের যে অভিযোগ, তা ঠিক নয়।তিরুমূর্তি মরিয়ার্টিকে জানান, সম্প্রতি ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে সন্ত্রাসী ও অপরাধী বিনিময় করেছে। কিন্তু বাংলাদেশ যাদেরকে ভারতের হাতে তুলে দিয়েছে তারা ‘মূল্যহীন’। তার পরও এই বিনিময়ের গুরুত্ব আছে এ কারণে যে, এর মাধ্যমে বাংলাদেশিদের দেখানো যাবে, ভারতের সঙ্গে লেনদেনে তাদের সরকার সন্ত্রস্ত নয়।ভারতীয় কর্মকর্তা রাষ্ট্রদূত মরিয়ার্টিকে জানান, ভারতের কাছে বাংলাদেশের সমৃদ্ধির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। জ্বালানিসম্পদ উন্নয়নে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে বলে রাষ্ট্রদূত মন্তব্য করলে তাঁর সঙ্গে একমত হন তিরুমূর্তি। তিনি বলেন, খনি যারাই উন্নয়ন করুক, ভারতই হবে বাংলাদেশের কয়লা সম্পদের বৃহত্তম ভোক্তা।এ ছাড়া তিরুমূর্তি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধান মইন উ আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বাংলাদেশের বিদ্যমান ‘ব্যবস্থায়’ তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে তিরুমূর্তি বলেন, ভারত চায় না বাংলাদেশে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি হোক, যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যায়।