ভারতের এ উপলব্ধি এসেছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে। আর এই সম্পর্কোন্নয়ন শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিজের স্বার্থেও দরকার।গতকাল মঙ্গলবার প্রথম আলোর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। মতবিনিময়ে প্রথম আলোর কলাম লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।মতবিনিময়ের শুরুতে দুই দশক আগে ঢাকায় কাজ করার স্মৃতিচারণার পাশাপাশি পরিবর্তিত বাংলাদেশ এবং দুই প্রতিবেশীর সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন পঙ্কজ সরন। দীর্ঘ ২০ বছর পর ঢাকায় আসার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘ঢাকায় এসেছি নয় মাস হলো। দুই দশক আগের সঙ্গে তুলনা করলে এখনকার পরিবর্তন দেখে প্রতিদিন বিস্মিত হতে হয়। এখানকার জনগণের আত্মবিশ্বাস বেড়েছে। সেই সঙ্গে সামগ্রিক অভিজ্ঞতায়ও এ দেশের মানুষ সমৃদ্ধ হয়েছে। সবচেয়ে বেশি চোখে পড়েছে ভারতের সঙ্গে ব্যাপক অর্থে একটি নিবিড় সম্পর্ক গড়ে তোলার তাগিদ।’সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশীর সম্পর্ক ইতিহাসের যেকোনো পর্যায়কে ছাড়িয়ে গেছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এখন শুধু দুই সরকারের মধ্যে সীমিত নয়; এ সম্পর্ক এখন দুই দেশের জনগণের মধ্যে বিস্তৃত হয়েছে। আর সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মধ্যে তা সম্প্রসারিত হচ্ছে।পঙ্কজ সরন আরও বলেন, ‘আমি লক্ষ করেছি, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা রয়েছে। তা সত্ত্বেও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিতে বাংলাদেশের মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। তেমনি ভারতের দিক থেকেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টিতে ইতিবাচক পরিবর্তন ঘটেছে।’গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশের প্রশংসা ঝরেছে ভারতীয় হাইকমিশনারের কণ্ঠে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে। গণতন্ত্র মানেই পাঁচ বছর পর পর নির্বাচন নয়; একটি দেশের সংসদ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা সক্রিয় ও শক্তিশালীভাবে কাজ করছে, তাতেই প্রতিফলন ঘটে একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার। এ ছাড়া অন্যের মতকে ধারণ করার মানসিকতার মধ্য দিয়েও একটি সমাজের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন, সেটিও দৃশ্যমান।ঢাকায় ভারতের শীর্ষ এই কূটনীতিক তাঁর আলোচনায় একদিকে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন এবং দ্বিপক্ষীয় সম্পর্কে দৃষ্টিভঙ্গির গুণগত পরিবর্তন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন; অন্যদিকে দ্বিপক্ষীয় সহযোগিতার কিছু ক্ষেত্রে তেমন অগ্রগতি না হওয়ায় তাঁর মনের আক্ষেপও লুকিয়ে রাখেননি। পঙ্কজ সরন বলেন, ‘বিদ্যুতের ক্ষেত্রে আমরা যখন সহযোগিতার কথা বলছি, তখন দেখি যে এখনো দুই প্রতিবেশীর মধ্যে বিদ্যুৎ বিনিময়ের জন্য কোনো সঞ্চালন লাইন নেই। পরিস্থিতিটা এমনই, সাতচল্লিশের দেশভাগের পর এ ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে এ নিয়ে কাজ চলছে।’ তিনি আশা করেন, আগামী বছরের জুনে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হলে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হবে।দুই দেশের বাণিজ্য সম্প্রসারিত না হওয়ার জন্য তিনি অবকাঠামোগত দুর্বলতা, বিশেষ করে সমন্বিত শুল্ক চেকপোস্ট না থাকাকে দায়ী করেন।ঘুরেফিরেই ভিসা প্রসঙ্গ: ভারতীয় হাইকমিশনারের প্রারম্ভিক বক্তৃতার পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিমত দেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার বিষয়টি তোলেন। এর পাশাপাশি বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেওয়া যেতে পারে কি না, সে সম্পর্কে ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও ভিসা বিষয়ে বক্তব্য দেন।এ প্রসঙ্গে বলতে গিয়ে পঙ্কজ সরন বলেন, ‘ভিসার বিষয়ে অনেকের উদ্বেগ রয়েছে। তবে এটা ঠিক যে অতীতে ভোর থেকে লোকজনকে লাইনে দাঁড়িয়ে যেভাবে ভোগান্তি পোহাতে হতো, তা এড়াতেই অনলাইন ভিসা পদ্ধতি চালু হয়েছে। আর বাংলাদেশই হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যায় ভারতীয় ভিসা দেওয়া হয়। তবে ভিসা-প্রক্রিয়া আরও উন্নত করার চেষ্টা চলছে। এ ছাড়া ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পর্যটকদের এখন মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। সাংবাদিকদেরও মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’সীমান্ত হত্যা ও পানি বণ্টন প্রসঙ্গ: আবদুল মান্নান বলেন, ‘সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণ থামেনি। বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ হয়নি। এটি এমনই এক সমস্যা হয়ে রয়েছে, যা শেষ হওয়ার নয়। দুই ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্রের জন্য এটি দুর্ভাগ্যজনক।’সুলতানা কামাল বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধ হবে, পরিস্থিতির উন্নতি ঘটবে—এমনটাই আমাদের প্রত্যাশা।’ এ বিষয়ে বলতে গিয়ে ভারতীয় হাইকমিশনার মন্তব্য করেন, সাতচল্লিশের সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়িত হলে সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। সীমান্তে চোরাচালান ও নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড রোধ করতে সম্প্রতি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার পরিকল্পনায় সই করেছে দুই দেশ। আর বিএসএফের একার পক্ষে অপরাধীদের দমন করা সম্ভব নয়। তাই যৌথভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতেই এই পরিকল্পনায় সই হয়েছে। তবে গুলি না ছুড়তে বিএসএফকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের মরণঘাতী অস্ত্র ব্যবহার করতে বারণ করা হয়েছে। সাম্প্রতিককালে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করে পঙ্কজ সরন বলেন, ‘সীমান্তে একজনের প্রাণহানিও গ্রহণযোগ্য নয়। তাই সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’পানি বণ্টন প্রসঙ্গে বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, পাকিস্তানের সঙ্গে স্থায়ী ভিত্তিতে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি সই করেছে ভারত, যেখানে বিবাদ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষকে যুক্ত রাখার বিধান রয়েছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তিতে এমন কিছু নেই। ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ার পরও বাংলাদেশের সঙ্গে কেন এভাবে অসম চুক্তি হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এর পাশাপাশি অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টি সুরাহার জন্য অববাহিকাভিত্তিক সমন্বিত পানি ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরা হয়।পঙ্কজ সরন বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি সই করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে চুক্তির খসড়াও চূড়ান্ত হয়েছিল। গত সেপ্টেম্বরে চুক্তিটি সই না হওয়ায় বাংলাদেশের কোনো দায় নেই। অভ্যন্তরীণ প্রক্রিয়ার কারণে এই চুক্তি সই হয়নি। তবে চুক্তি সইয়ের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। এর পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে আরও ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি সইয়ের জন্য আমরা একসঙ্গে কাজ করছি।’মতবিনিময়ে আরও বক্তব্য দেন জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। দুই দেশের সম্পর্কোন্নয়নে শুধু ভারতের নয়, বাংলাদেশেরও দায়িত্ব রয়েছে। সেটা আমাদের পালন করতে হবে।’ স্থানীয় সরকার কমিশনের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।