বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ফিরিয়ে আনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় কম থাকলেও বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক নতুন করে শুরু করার সুযোগ এখনো আছে। ভারতের দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয়তে আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই আহ্বান জানানো হয়।সম্পাদকীয়তে বলা হয়, তিস্তা চুক্তি থেকে শেষ মুহূর্তে মমতা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়ে। যদিও মমতার সরকার বিষয়টি মানতে নারাজ। পত্রিকাটি বলেছে, বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিতে মমতা রাজি না হওয়ায় ভারত চমত্কার একটি সুযোগ হাতছাড়া করেছে। শুধু শেখ হাসিনার জন্য নয়, ভারতের স্বার্থেও ওই চুক্তির গুরুত্ব অপরিসীম। এতে করে বাংলাদেশের ওপর দিয়ে খুব সহজে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করার বিষয়ে একটা সমঝোতায় পৌঁছানো যেত।সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে বরং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার অনেক দূর এগিয়ে গেছেন। কদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল একদল ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে ত্রিপুরা সফর করে এসেছেন। ত্রিপুরার সেন্ট্রাল ইউনিভার্সিটি হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিয়েছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয়তে আরও বলা হয়, একসময়ের ‘লিটল বেঙ্গল’-খ্যাত ত্রিপুরা সফরের প্রস্তাব হাসিমুখে গ্রহণ করলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গ সরকারের নিমন্ত্রণ বিনীতভাবে ফিরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এভাবে প্রস্তাব প্রত্যাখ্যানের এই ব্যাপারটিকে তিস্তা থেকে মমতার সরে যাওয়ার সঙ্গে তুলনা করেছে পত্রিকাটি।