বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক সহযোগিতা বৃদ্ধিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশকালে বলেন, ‘আমরা বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে একত্রে কাজ করতে চাই।’নতুন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে অভ্যর্থনা জানিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। জিল্লুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার অমূল্য সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতি দেশের উচ্চশিক্ষায় প্রায়োগিক বিজ্ঞানের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতে রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নতুন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।নবনিযুক্ত রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত রাশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি বলেন, আসন্ন এই সফরে অনেক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা-স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে তিনি দুই দেশের মধ্যে চুক্তিপত্র তৈরিতে বাংলাদেশের কর্মকর্তাদের সহায়তা দিতে বিশেষ দায়িত্ব পেয়েছেন বলে নিকোলেভ রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।