বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পুলিশ: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জনগণ পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। এরপর জনপ্রশাসন, রাজনৈতিক দল এবং বিচার বিভাগকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।একই সঙ্গে প্রতি ১০ জন মানুষের মধ্যে ছয়জনই দুর্নীতির শিকার হয়েছেন এবং প্রতি চারজনের মধ্যে একজনকে বিভিন্ন কাজের জন্য ঘুষ দিতে হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত জনগণের অভিমত ও অভিজ্ঞতাভিত্তিক সমীক্ষা গ্লোবাল করাপশান ব্যারোমিটার (বিশ্বব্যাপী দুর্নীতির পরিমাপক) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, দেশটির ৪৬ ভাগ মানুষ মনে করেন গত তিন বছরে দুর্নীতি বেড়েছে। ১৮ ভাগ মনে করেন দুর্নীতি একই মাত্রায় আছে এবং ৩৬ ভাগ মনে করেন দুর্নীতি কমেছে। অন্যদিকে ৫৭ ভাগ উত্তরদাতা বাংলাদেশের বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজ বৃহস্পতিবার সারা বিশ্বে একযোগে এই প্রতিবদেন প্রকাশ করে। এ উপলক্ষে ঢাকায় ব্র্যাক সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য দেন। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও সদস্য মোজাফফর আহমদ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এক বছরে ঘুষ দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে, দুর্নীতির মাত্রা বিবেচনায় বিশ্বব্যাপী উত্তরদাতাদের মধ্যে ৭৯ শতাংশ রাজনৈতিক দলকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলছেন। তবে বাংলাদেশের ৭৯ শতাংশ উত্তরদাতা পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। এ ছাড়া ৬৮ শতাংশ উত্তরদাতা জনপ্রশাসনকে, ৫৮ শতাংশ রাজনৈতিক দল এবং ৪৩ শতাংশ উত্তরদাতা বিচার বিভাগকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশসহ বিশ্বের ৮৬টি দেশের ৯১ হাজারের বেশি লোকের ওপর এই জরিপ করা হয়। এর আগে আরও ছয়বার গ্লোবাল করাপশান ব্যারোমিটার প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ প্রথমবারের মতো এবারই এই জরিপে অন্তর্ভুক্ত হলো।