বাংলাদেশের সম্মতি ছাড়া টিপাইমুখ প্রকল্প নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাজি না হলে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুত্ প্রকল্প বাস্তবায়ন করবে না ভারত। মণিপুর রাজ্যে প্রস্তাবিত বৃহদায়তন এ প্রকল্পটি নিয়ে যৌথ সমীক্ষা, বিশেষ করে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে—তা খতিয়ে দেখার জন্য এ মাসের শেষে আলোচনায় বসবে দুই দেশের বিশেষজ্ঞরা।ভারতের পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিং আজ সোমবার দিল্লিতে নিজ দপ্তরে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের তাঁর সরকারের এ মনোভাবের কথা জানান।টিপাইমুখ বহুমুখী প্রকল্পের বিষয়ে বাংলাদেশের সংবাদকর্মীদের জানাতে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে সংবাদ বিফ্রিংয়ের আয়োজন করে। প্রায় ৪৫ মিনিট ধরে প্রকল্পের বিভিন্ন বিষয় সাংবাদিকদের জানানো হয়। এক প্রশ্নের জবাবে ধ্রুব বিজয় সিং বলেন, প্রায় ২০০ কোটি ডলারের প্রস্তাবিত এ প্রকল্পে বাংলাদেশকে অংশীদার হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি মাসের শেষে অনুষ্ঠেয় দুই দেশের বিশেষজ্ঞদের বৈঠকে প্রকল্পের যৌথ সমীক্ষা শুরুর বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে প্রকল্পে বাংলাদেশের কী ক্ষতি হবে, তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।বাংলাদেশ রাজি না হলে কি টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে ভারত এগোবে না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ অংশীদার হতে না চাইলেও আমরা আলোচনার চেষ্টা চালাব। তবে বাংলাদেশকে আস্থায় নিয়ে আমরা কাজ করতে চাই। বাংলাদেশের সমর্থন না পেলে প্রকল্পটি নিয়ে আমরা এগোব না।’