বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বন্দর ও সমুদ্র এলাকায় কালবৈশাখীর ঝড়ের আশঙ্কায় ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে আজ বুধবার আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এ অঞ্চলের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামও পড়েছে। এ কারণে চট্টগ্রামও এ সতর্কতার অন্তর্ভুক্ত।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রাথমিক অবস্থায় ইন্দোনেশিয়ার সংঘটিত এ ভূমিকম্পের তীব্রতা ছিল আট দশমিক নয়। তবে পরে তা সংশোধন করে আট দশমিক সাত করা হয়েছে।ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকা হিসেবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ সারা দেশেই আজ দুপুরে ভূকম্পন অনুভূত হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ভূমিকম্পটি উত্পত্তি স্থল ছিল বাংলাদেশ থেকে দুই হাজার ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। বাংলাদেশে বেলা দুইটা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পে সুনামি সৃষ্টির যথেষ্ট আশঙ্কা আছে। সুনামি সৃষ্টি হলে ভারত মহাসাগরীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।প্রসঙ্গত, ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামিতে এক লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়।চট্টগ্রামে জাহাজ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা:চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম বন্দরে রাত ১২টা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেল চারটা থেকে বন্দর জলসীমায় জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়ার আগে বিকেলে জোয়ারের সময় বন্দর জেটি ছেড়ে গেছে পাঁচটি বাণিজ্যিক জাহাজ। এ ছাড়া পণ্যভর্তি আটটি জাহাজ বন্দরের মুরিং ও জেটি এলাকায় ভিড়েছে। ভাটার সময় বাণিজ্যিক জাহাজ চলাচল এমনিতে বন্ধ থাকে। তবে নির্দেশনার কারণে এখন ছোট আকারের লাইটার জাহাজ চলাচলও বন্ধ রয়েছে।বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলো অনলাইনকে বলেন, বেতার বার্তায় সব জাহাজ ও জলযানগুলো তাত্ক্ষণিক সচল করতে ইঞ্জিন প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। জেটি ও মুরিং এলাকায় অবস্থানরত জাহাজগুলোকে রশি দিয়ে শক্তভাবে বাঁধার জন্য বলা হয়েছে। একইভাবে বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলো পরস্পর নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে।
বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. ফরিদুল আলম প্রথম আলো অনলাইনকে বলেন, বুধবার বন্দরে ৭৪টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে মূল জেটিতে ছয়টি এবং মুরিং ও বিশেষায়িত বার্থে ১০টি জাহাজ অবস্থান করছে। বহির্নোঙরে অবস্থান করছে ৫৮টি জাহাজ। এর বাইরে বন্দরের নিজস্ব জলযানগুলোতে লোকজন প্রস্তুত থাকতে বলা হয়েছে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, জাহাজ ও জলযানগুলো সতর্ক থাকতে বলা হলেও বন্দরে পণ্য ওঠানামা চলছে।