বাংলাদেশের সেরা টেস্ট একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে প্রথম ১০ বছরে বাংলাদেশের টেস্ট ম্যাচ ও টেস্ট খেলোয়াড়ের সংখ্যা প্রায় সমান। ৬৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ, টেস্ট খেলোয়াড়ের সংখ্যা ৫৯। এঁদের মধ্য থেকে বাংলাদেশের সেরা একাদশ নির্বাচন করলেন সাবেক তিন ক্রিকেটার রকিবুল হাসান, ফারুক আহমেদ ও আতহার আলী খান। নির্বাচনী সভায় ছিলেন উৎপল শুভ্রতিন নির্বাচকের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। রকিবুল হাসান ও ফারুক আহমেদ টেস্টপূর্ব বাংলাদেশ দলের অধিনায়ক। তৃতীয় জন, আতহার আলী খানও জাতীয় দলের সাবেক, অধুনা পরিচয় ধারাভাষ্যকার। এই ধারাভাষ্য দেওয়ার সুবাদেই সাবেকদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ মাঠে বসে দেখেছেন। তিনজনেরই আরেকটি অভিন্ন পরিচয়—বাংলাদেশের টেস্ট যুগে কাজ করেছেন নির্বাচক হিসেবে।তিনজনের এই নির্বাচক কমিটির সঙ্গে ছিলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক। নির্বাচনে তাঁরও কিছু ভূমিকা থাকার কথা ছিল। কিন্তু সেটির আর প্রয়োজন হয়নি। কোনো ব্যাপারে তিন নির্বাচকের তিন মত হলেই শুধু ক্রীড়া সম্পাদকের নির্ধারক ভোট দেওয়ার প্রয়োজন পড়ত। সেটি হয়নি। ১০ জন খেলোয়াড়ের ব্যাপারে একমত হয়েছেন তিনজন। শুধু একটি জায়গায় তিনজনের দুই মত হওয়ায় তা নিষ্পত্তি হয়েছে ২-১ ভোটে।প্রথমেই বলে নেওয়া হয়েছিল, এই নির্বাচনী সভার কিছুই গোপন থাকবে না। আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কেরও কিছু নেই। প্রত্যেক নির্বাচক তাঁর পছন্দের একাদশ নির্বাচন করে নির্বাচনের কারণ ব্যাখ্যা করবেন। সবই তুলে ধরা হবে পাঠকদের সামনে।একটা দেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচনে যতটা গলদঘর্ম হওয়ার কথা, ঘটনা এমন হয়নি এখানে। ১০ বছর এমন বেশি সময় নয়, এটা একটা কারণ। এই সময়ে যথেষ্ট ভালো টেস্ট খেলোয়াড় তৈরি করতে না পারাটা আরেকটি কারণ।যেকোনো একাদশ নির্বাচন করার সময় কন্ডিশন, প্রতিপক্ষ—এসব বড় বিবেচনা হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে সেসব বিবেচনায় না নিয়ে যেকোনো কন্ডিশন, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ নির্বাচন করাটাকেই মেনে নেওয়া হয়েছিল করণীয় বলে। দুই ওপেনারের সঙ্গে চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন উইকেটকিপার ও চারজন বোলার—আদর্শ টেস্ট দলের এই নীতিমালা অনুসরণের ব্যাপারেও ছিল মতৈক্য।ওপেনার হিসেবে তিনজনেরই পছন্দ তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস। মাত্র ১৯ টেস্টেই তাঁর পারফরম্যান্স বিবেচনায় তামিম ইকবাল ‘ওয়ার্ল্ড ক্লাস’ বলে রায় রকিবুলের। ফারুকের চোখেও তামিম ‘স্পেশাল ট্যালেন্ট’। ইংল্যান্ডের বিপক্ষে পর পর দুই টেস্টে সেঞ্চুরিকে তুলে ধরলেন এর সবচেয়ে বড় প্রমাণ বলে, ‘অন্য সবাই যখন সংগ্রাম করছে, তামিম অবলীলায় বোলারদের ওপর আধিপত্য করেছে।’ যা দেখে ফারুকের সিদ্ধান্ত, ‘বাংলাদেশের অন্য যেকোনো ওপেনারের চেয়ে তামিম অনেক অনেক এগিয়ে।’ আতহারও তামিমের ইংল্যান্ড-কীর্তিতে মুগ্ধ। এই বাঁহাতির ‘ভয়ডরহীন ব্যাটিং’ দেখে কমেন্ট্রি বক্সে ইয়ান বোথাম-নাসের হুসেইনদের মুগ্ধতার কথাও উল্লেখ করলেন তিনি।শাহরিয়ার নাফীসকে নির্বাচনের নিয়ামক হিসেবে তিনজনের কথাতেই ঘুরেফিরে এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৩৮ রানের ইনিংস। লি-গিলেস্পি-ওয়ার্ন-ম্যাকগিল সমন্বয়ে গড়া বোলিং অ্যাটাকের বিপক্ষে ওই ইনিংসকে ‘অবিশ্বাস্য’ বলে রায় দিয়ে নাফীসকে তাঁর দলের এক নম্বর ওপেনারের স্বীকৃতি দিলেন আতহার, ‘বিশেষ করে আমাদের উইকেটে ও ওয়ার্নকে যেভাবে খেলছে, এক কথায় তা অবিশ্বাস্য।’ রকিবুল মাঝখানে দুই বছর নষ্ট না হলে নাফীস আজ আরও ভালো জায়গায় থাকত বলে আক্ষেপ করলেন। ফারুকের আক্ষেপ নাফিস ইকবালকে নিয়ে। তামিম-শাহরিয়ারকে বেছে নেওয়ার আগে সেই আক্ষেপটা জানিয়ে নিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে নাফিস ইকবাল ১২১ রানের যে ইনিংসটি খেলেছিল, সেটি সত্যিকার লংগার ভার্সন ইনিংস। ডোমেস্টিকেও ও বড় ইনিংস খেলার ক্ষমতা দেখিয়েছে। ইনজুরি আর একটু নরমসরম মানসিকতা বাধা হয়ে না দাঁড়ালে নাফিস ইকবাল দারুণ একজন টেস্ট ওপেনার হতে পারত।’তিন নম্বরে হাবিবুল বাশার তিন নির্বাচকের কাছেই প্রশ্নের ঊর্ধ্বে। ‘পরিসংখ্যানই এখানে কথা বলে’ ঘোষণা করে রকিবুল আলাদা করে উল্লেখ করলেন ‘দৃঢ়তা, ইতিবাচক মনোভাব ও রানক্ষুধা’র কথা। আতহার বাংলাদেশের আর কোনো ব্যাটসমানকে ব্যাকফুটে এত ভালো খেলতে দেখেননি জানিয়ে শর্ট বলে হাবিবুলের নির্ভয় পুল-হুকের স্মৃতিচারণা করলেন। ফারুকের চোখে ‘হাবিবুল সন্দেহাতীতভাবে বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার থ্রি।’ বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিরল ধারাবাহিকতার কথা স্মরণ করে ‘টেস্টে ৩টা সেঞ্চুরি আর ২৪টা ফিফটি—ভাবা যায়’ বলে অস্ফুটে বিস্ময়ও প্রকাশ করলেন।তিন জনের দলেই ব্যাটিং অর্ডারে পরের দুটি জায়গায় মোহাম্মদ আশরাফুল ও আমিনুল ইসলাম। পার্থক্য বলতে, ফারুক ও আতহারের দলে আমিনুল ৪ নম্বর। রকিবুলের ৪ নম্বর আশরাফুল, কারণ ‘আমিনুল স্পিন অনেক বেশি ভালো খেলত, ফাস্ট বোলিংয়ে আশরাফুল ওর চেয়ে অনেক ভালো।’ রকিবুলের চোখে আশরাফুল ‘সত্যিকার এক ম্যাচ উইনার’। যথারীতি এলো অভিষেকে ইতিহাস গড়া ওই সেঞ্চুরি, ‘এত কম বয়সে যে কেউ সেঞ্চুরি করতে পারে, সে জিনিয়াস ছাড়া কিছু নয়। আশরাফুলের ধারাবাহিকতার সমস্যা আছে, তবে আমি সব সময় মনে রাখি, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট।’ আতহার স্মরণ করলেন চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে অপরাজিত ১৫৮ রানের ইনিংসটিকে, ‘শচীন টেন্ডুলকার এসে ওকে বলেছে, কোনো তরুণ ব্যাটসম্যানের এমন ইনিংস আর দেখেনি, আর কী লাগে? তবে আশরাফুল কখন কী করবে, কেউ জানে না, ও একটা ইনিগমা।’ ফারুক শেষ কথাটার প্রসঙ্গ ধরেই যোগ করলেন, ‘আশরাফুল অনেক হতাশ করেছে, ঠিক আছে। তবে ও যা দিয়েছে, সেটি যেন আমরা ভুলে না যাই।’আমিনুলের নির্বাচনে অনুমিতভাবেই বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের বড় ভূমিকা। ২১.০০ অ্যাভারেজ নিয়ে আমিনুল কেন দলে—এই প্রশ্ন উঠতে পারে অনুমান করে রকিবুল যুক্তি দিলেন, ‘ওর ক্যারিয়ারটা সংক্ষিপ্ত হয়ে গেছে, সেটা ওর দুর্ভাগ্য।’ ফারুক টেস্ট-পূর্ব সময়ের কথা মনে করিয়ে দিয়ে বললেন, ‘ও ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে দলে আসছে।’ আতহার ‘প্রতিভা-অভিজ্ঞতা’ এসব বলে যোগ করলেন, ‘আমিনুল তরুণতর প্রজন্মের কাছে আদর্শ ব্যাটসম্যানের প্রতীক হয়ে উঠেছিল। আমাদের দেশের বাবা-মায়েরা ভেবেছেন, আমার ছেলে যদি ক্রিকেট খেলে, ও যেন আমিনুলের মতো হয়।’৬ নম্বরে একজন অলরাউন্ডার পাওয়াকে যেকোনো টেস্ট দলই পরম সৌভাগ্য বলে মানে। সাকিব আল হাসান সেই সৌভাগ্যের পরশ দিয়েছেন কল্পিত এই টেস্ট একাদশকে। আতহার ‘যা-ই বলি কম বলা হবে’ দিয়ে শুরু করে শেষ করলেন সাকিবকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বলে, ‘আগে আমাদের ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার ছিল না। কিন্তু সাকিব-তামিম সত্যিই ওয়ার্ল্ড ক্লাস।’ রকিবুল ও ফারুকও সাকিবকে বাংলাদেশের যেকোনো দলে ‘অটোমেটিক চয়েজ’ বলে ঘোষণা করে বাড়তি কিছু বলার প্রয়োজন দেখলেন না।উইকেটকিপার হিসেবে তিনজনেরই পছন্দ খালেদ মাসুদ। তবে তিনজনই মুশফিকুর রহিমকে ‘খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী’ বলে মানলেন। ব্যাটিংয়ে মুশফিকুরকে অনেক এগিয়ে রেখেও কিপিংটাই বেশি গুরুত্ব পাওয়ায় শেষ পর্যন্ত মাসুদই জয়ী। রকিবুল মনে করিয়ে দিলেন, ‘একটা সময় মাসুদ উপমহাদেশের সেরা উইকেটকিপার বলে বিবেচিত হতো।’ শেষদিকে মাসুদের কিপিং একটু খারাপ হয়ে গেলেও টেস্ট ক্রিকেটে প্রথম সাত বছর সেটি ‘অসাধারণ’ ছিল বলে ফারুকের মত। ‘মাসুদ ও মুশফিকুরের মধ্যে একজনকে বেছে নেওয়ার কাজটা সহজ নয়’ বলে শেষ পর্যন্ত কিপিং বিবেচনায় ভগ্নাংশের ব্যবধানে মাসুদের পক্ষে রায় দিলেন আতহার। মুশফিকুরের কিপিংয়ে উন্নতি দেখতে পেয়ে রকিবুল ভবিষ্যদ্ববাণী করলেন, ‘পনেরো বছর পর বাংলাদেশের সেরা টেস্ট একাদশে মাসুদকে টপকে মুশফিকুরও চলে আসতে পারে।’স্পেশালিস্ট স্পিনার হিসেবে চোখ বুজে সবাই বলে দিলেন মোহাম্মদ রফিক-এর নাম। পেসার-স্পিনারের সীমা ছাড়িয়ে ফারুকের চোখে ‘বাংলাদেশের ইতিহাসে সেরা টেস্ট বোলার মোহাম্মদ রফিক।’ লাইন-লেংথের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ ছিল রফিকের মূল শক্তি—এ ব্যাপারে তিনজনই একমত। আতহার যোগ করলেন ‘ফাইটার’ বিশেষণটা, ‘তুমি টেন্ডুলকারই হও বা ক্যালিসই হও, আমি আমার জায়গা ছাড়ব না—এটাই ছিল রফিকের মন্ত্র।’বাংলাদেশের সেরা টেস্ট একাদশের হয়ে নতুন বল হাতে নেবেন মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন। ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বাকি সব পেসারের চেয়ে ওরা অনেক এগিয়ে’ বলেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফারুক। ‘বল মুভ করানোর ক্ষমতা’কে মাশরাফির বড় শক্তির দিক বলে তুলে ধরলেন আতহার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শাহাদাতের আগুনে বোলিংয়ের কথা মনে করিয়ে দিয়ে বললেন, ‘সেদিন ও ক্রিকেটবিশ্বকে দেখিয়েছে মাশরাফি ছাড়াও বাংলাদেশের পেসার আছে। লর্ডসে ৫ উইকেট নিয়ে আবার এটা প্রমাণ করেছে ও।’ রকিবুলের চোখে মাশরাফি ‘উপমহাদেশের দ্বিতীয় কপিল দেব’, উচ্চতা-আক্রমণাত্মকতা মিলিয়ে শাহাদাতকেই বেছে নিলেন মাশরাফির সঙ্গী হিসেবে।দলের শেষ বোলার নির্বাচনেই শুধু ভিন্নমত পাওয়া গেল। আক্রমণে বৈচিত্র্য আনতে রকিবুল ও ফারুকের দলে অফ স্পিনার নাঈমুর রহমান। আতহার স্পিন আক্রমণে রফিক-সাকিবকেই যথেষ্ট মনে করে তৃতীয় পেসার হিসেবে নিলেন রুবেল হোসেনকে। যুক্তি, ‘টেস্ট ম্যাচে গতি দিয়ে ব্যাটসম্যানকে ভড়কে দেওয়াটা খুব জরুরি। এই ছেলেটাকে (রুবেল) আমি ১৪৫/১৫০ কিলোমিটার গতিতেও বল করতে দেখেছি। ও বাংলাদেশের ইতিহাসে দ্রুততম বোলার।’শেষ পর্যন্ত ২-১ ভোটে তাই দলে নাঈমুর রহমান। নাঈমুরের টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত না হওয়াটাকে ‘ব্যাড লাক’ বলে মনে করেন রকিবুল। নাঈমুরের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠাটা নিয়েও প্রশ্ন আছে তাঁর, ‘দুর্মুখেরা বলে, এক মুরালিধরনের জন্যই আইসিসি ১৫ ডিগ্রির নিয়ম করেছে। এখন নাঈমুরও তাই দিব্যি খেলতে পারত। বড় টার্ন ছিল ওর বলে, টেস্টে যা খুব জরুরি।’ ফারুক জানিয়ে দিলেন, বোলার নির্বাচনে পেস-স্পিন-বাঁহাতি-ডান হাতি বিবেচনার চেয়ে ‘সেরা বোলার’ বেছে নেওয়াটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ এবং মাশরাফি-শাহাদাত ছাড়া বাংলাদেশের অন্য যেকোনো পেসারের চেয়ে নাঈমুর এগিয়ে। বিশ্বক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যানদের ছড়াছড়ির সময়ে একজন অফ স্পিনার দলে থাকাটাও জরুরি মনে করেন রকিবুল-ফারুক দুজনই। সঙ্গে নাঈমুরের ব্যাটিংটাও প্লাস পয়েন্ট তাঁদের চোখে।দল তো হয়ে গেল। এবার অধিনায়ক। এখানেও ২-১। ফারুক-আতহারের পছন্দ হাবিবুল বাশার। রকিবুলের পছন্দ সাকিব আল হাসান। হাবিবুলের পক্ষে ফারুকের বড় যুক্তি, ‘নিজে তো পারফরমার ছিলই, এর বাইরে দলকে মাঠের ও মাঠের বাইরে ঐক্যবদ্ধ রাখায় বড় ভূমিকা ছিল ওর।’ আতহার উদাহরণ দিয়ে বললেন, ‘ওর ব্যক্তিত্বটাই এমন যে, ওর চারপাশে সবাই খুব সহজ বোধ করে।’ হাবিবুলের এসব গুণ স্বীকার করেও রকিবুল সাকিবকে বেছে নেওয়ার পক্ষে যুক্তি দিলেন, ‘আমি এমন একজন অধিনায়ককে চাই, যে সামনে থেকে নেতৃত্ব দেবে। সাকিব সেটি পারে। ও এখন গ্লোবাল আইকন, বাংলাদেশের সেরা টেস্ট একাদশকে নেতৃত্ব দিতে এমন একজনকেই চাই।’