বাংলাদেশের সৌন্দর্য নিয়ে ফেরদৌস
অভিনয়শিল্পী ফেরদৌস মাঝে শখের বশে টিভিতে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এবার তিনি উপস্থাপনার কাজটা নিয়মিত করতে যাচ্ছেন। জানা গেছে, ফেরদৌস এবার বাংলাদেশের সৌন্দর্য নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন ছটকু আহমেদ। অনুষ্ঠান সম্পর্কে তিনি বললেন, ‘বাংলাদেশের বিখ্যাত এবং সুন্দর জায়গাগুলো আমরা ক্যামেরায় তুলে আনছি। প্রতিটি পর্বে থাকবে নাটিকা। এর মধ্য দিয়ে আমরা ওই জায়গা সম্পর্কে দর্শকদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব।’ফেরদৌস এখন আছেন কলকাতায়। সেখানে যাওয়ার আগে অনুষ্ঠান প্রসঙ্গে বললেন, ‘গাজীপুরের হোতাপাড়ায় শুটিং করেছি। বাংলাদেশের একটি বড় মানচিত্র তৈরি করা হয়েছে। সেই মানচিত্র ধরে আমরা কাজটা করেছি।’অনুষ্ঠানটি পরিচালনা করছেন স্বপন চৌধুরী ও জাহিদ হোসেন। পরিচালক স্বপন চৌধুরী বললেন, ‘অনুষ্ঠানটি বাংলাদেশে বৈশাখী টিভি এবং নরওয়ের একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।’