বাংলাদেশের সঙ্গে বাণিজ্য মর্যাদা স্থগিত করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাণিজ্য ও অর্থনৈতিক সংবাদভিত্তিক প্রভাবশালী ওয়েবসাইট ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।ইইউর বাণিজ্যবিষয়ক কমিশনার ক্যারল দ্য গুশে এ হুমকি দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশের পোশাকশিল্পে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে ‘তাৎক্ষণিক’ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ক্যারল এ দেশের পোশাককর্মীদের অবস্থাকে ‘ক্রীতদাসের অবস্থার’ সঙ্গেও তুলনা করেন। গত মাসে সাভারের রানা প্লাজা ধসে বহু পোশাককর্মীর হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থার পক্ষ থেকে ওই হুমকি ও আহ্বান এল। ভবনধসের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক পোশাককর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সরকারকে অবশ্যই ‘কিছু পরিবর্তন’ আনতে হবে উল্লেখ করে গতকাল রোববার বেলজিয়ামভিত্তিক বেতার চ্যানেল আরটিবিএফকে ইইউ বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশে বলেন, ‘অন্যথায় (বাংলাদেশের পোশাক খাত ও বাণিজ্য মর্যাদা প্রশ্নে) আমি তদন্ত চালাতে প্রস্তুত। এতে বাণিজ্য মর্যাদা স্থগিত করা হতে পারে।’ তিনি বলেন, ‘এর ফলস্বরূপ টি-শার্ট ও জিনসের মূল্য যদি কিছুটা বেড়ে যায়, তাতেও এ পদক্ষেপের বিকল্প নেই। এ মানুষগুলোর (পোশাককর্মীদের) গ্রহণযোগ্য পরিবেশে কাজ করার অধিকার রয়েছে। এ অধিকার প্রতিষ্ঠায় কিছু করা আমাদের দায়িত্ব।’বাণিজ্য কমিশনার বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেওয়ার ক্ষেত্রে একটি ‘আচরণবিধি’ প্রণয়নের ব্যাপারে তিনি ইইউ ও যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন বলে আশা রাখেন। তিনি বলেন, ‘বাংলাদেশে শ্রমিকেরা একেবারেই অগ্রহণযোগ্য স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার মুখোমুখি। এটা আধুনিক ক্রীতদাসব্যবস্থা।’এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিল ইইউ। সংস্থাটি বলেছিল, বাংলাদেশি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের ক্ষেত্রে ২৭ দেশের জোট ইইউর সঙ্গে চুক্তি করতে হবে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন এবং কমিশনার ক্যারল দ্য গুশে গত বুধবার যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকারকে সারা দেশের কারখানাগুলোতে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করতে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।