বাংলাদেশের ‘স্পিকার গার্ল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদূর স্পেনে এশিয়া মহাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশের নবম শ্রেণীর ছাত্রী স্নিগ্ধা রায়। সমাপ্তি বলেও তাকে ডাকে অনেকে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রত্যন্ত গ্রাম হরিশচন্দ্র পাঠ পূর্বপাড়ার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলচন্দ্র রায়ের মেয়ে স্নিগ্ধা রায় সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ‘বিকজ আই অ্যাম এ গার্ল’ (কারণ আমি একজন বালিকা) শীর্ষক সেমিনারে বাংলাদেশের মেয়ে হয়ে এশিয়া মহাদেশের পক্ষে স্পিকার গার্ল হিসেবে প্রতিনিধিত্ব করেছে।স্নিগ্ধা এর আগে সাত সদস্যের একটি নাট্যদলের সদস্য হিসেবে ২০০৯ সালের ১ অক্টোবর থাইল্যান্ড যায়। সেখানে ছয়টি দেশের সাংস্কৃতিক দল অংশ নেয়।জলঢাকা উপজেলার ট্যাংগনমারী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী স্নিগ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, বাবা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র রায়, মা রাধা রাণী রায় গৃহিণী, পাঁচ বোনের মধ্যে স্নিগ্ধা সবার ছোট। তাদের কোনো ভাই নেই। সামান্য জমি চাষাবাদে চলে তাদের সংসার। বিএ পড়ার সময় বড় বোনের বিয়ে হয়ে যায়। এখন চার বোনই লেখাপড়া করে।গেল শনিবার সকালে ট্যাংগনমারী বাজারে অবস্থিত প্ল্যান বাংলাদেশের খুঁটামারা ইউনিয়ন কার্যালয়ে গিয়ে দেখা যায়, শিশু সুরক্ষাবিষয়ক এক প্রশিক্ষণে ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে স্নিগ্ধা। এ সময় তার সঙ্গে কথা বললে স্নিগ্ধা জানায়, তার স্কুল বন্ধ থাকায় সে সকালে ট্যাংগনমারীতে এসে একটা প্রাইভেট পড়ার পর প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করছে।সাফল্যের সিঁড়ি: স্নিগ্ধা বলে, ২০০৪ সালে আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। সে সময় প্ল্যান বাংলাদেশের সহযোগী সংস্থা ইউএসএসের শাপলা শিশু সংগঠনের সদস্য হই।’ কারণ হিসেবে বলে, ‘আমাদের প্রাপ্য অধিকার না পাওয়ার কারণে আমরা শিশু সংগঠন করি। তখন সদস্যসংখ্যা ছিল ৩০ জন। সেখানে আমি বেসরকারি সংস্থা প্লান বাংলাদেশ থেকে প্রশিক্ষণ পাই। কীভাবে সংগঠন করব, আমাদের অধিকার কী, কীভাবে অধিকার পাব। এরপর আমাদের দলের সদস্যদের নিয়ে আলোচনা করে আমরা অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন নাটক, জারিগানের মাধ্যমে যৌতুক, বাল্যবিবাহ, শিক্ষা ও সেনিটেশন সম্পর্কে প্রচারণা চালাই। এ সময় আমি আমাদের দেশে প্ল্যানের বিভিন্ন কর্মএলাকার দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেই। সে হিসেবে ভালো ফলাফলের কারণে গত বছরের ১ অক্টোবর নীলফামারী জেলা থেকে বাংলাদেশের হয়ে সাত সদস্যের একটি নাট্যদল নিয়ে প্রথম থাইল্যান্ড যাই। সেখানে ছয়টি দেশের শিশুরা অংশ নিলেও আমরাই সেখানে সরাসরি মঞ্চে নাটক উপস্থাপন করি। সেখানে ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, ব্যাংকক ও থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেয়।’এ সময় প্ল্যান বাংলাদেশ নীলফামারীর ডেপুটি প্রোগ্রাম ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্নিগ্ধার থাইল্যান্ডের অভিজ্ঞতা সবার দৃষ্টি কাড়ে। তখন কর্তৃপক্ষ তাকে স্পেনের বার্সেলোনার জন্য মনোনীত করে। সে নিজের যোগ্যতায় সেখানে গেছে।স্নিগ্ধা বলে, ‘আমি ১৮ সেপ্টেম্বর ঢাকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করি। ১৯ সেপ্টেম্বর সেখানে পৌঁছানোর পর সভাস্থল দেখতে যাই এবং সেদিনই বেশ কিছু টিভি ও রেডিওর পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়া হয়। ২০ তারিখে আমি এশিয়া মহাদেশের শিশুদের পক্ষে স্পিকার গার্ল হিসেবে প্রতিনিধিত্ব করি এবং সেখানে বাংলাদেশের পতাকা তুলে ধরি। সেদিনও সেখানকার সাংবাদিকেরা আমাকে ঘিরে ধরে আমার বক্তব্য নেয়। পরের দিন আমার ছবিসহ সেখানে বিভিন্ন পত্রপত্রিকায় লেখাও বের হয়।’স্নিগ্ধা বলে, ‘এশিয়া মহাদেশের মেয়েরা বড় হওয়ার সময় সমাজে, স্কুলে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়—সে সম্পর্কে কথা বলেছি। পরিবারে ছেলেসন্তান না থাকলে সমাজে ওই পরিবারকে কীভাবে দেখা হয়, তা আমার নিজের পরিবারের উদাহরণ দিয়ে তুলে ধরেছি। সেখানে দুই দিনের অনুষ্ঠান শেষে আমি সেখানকার বিভিন্ন স্কুলে গিয়েছি।’ এক স্কুলে আমাকে প্রশ্ন করা হয়েছিল, “এখনো কি স্কুলের শিক্ষকেরা তোমাদের মারধর করে?” আমি বলেছি, ‘সব স্কুলে না। তবে কিছু কিছু স্কুলে করে। সাংবাদিকেরা প্রশ্ন করেছিল, “বাংলাদেশে ভাই নেই, এমন মেয়েদের অবস্থা কি একই ধরনের?” আমি হ্যাঁ বলেছি।’সংগঠন করে কোনো পারিশ্রমিক পাও কি না, জানতে চাইলে স্নিগ্ধা বলে, ‘পারিশ্রমিক পাই না। তবে অভিজ্ঞতা পাচ্ছি।’ কী কী শিখেছ, জানতে চাইলে বলে, ‘নাটকের রূপসজ্জা, শিশু-অধিকার কী, শিশু-সুরক্ষা, যোগাযোগ, উপস্থাপনা ও সহায়তাকরণ, নাটক ও জারিগান।’ ভবিষ্যতে কী হতে চাও—প্রশ্নের জবাবে স্নিগ্ধা জানায়, ‘ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে জনসচেতনতামূলক কাজ করতে চাই।’স্পেনে যাওয়ার সময় প্ল্যান বাংলাদেশের কর্মকর্তা নোভা শামস তার সঙ্গে ছিলেন বলে জানায় স্নিগ্ধা। সেখানে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের তিনটি দেশ অংশ নেয় বলেও জানায় সে।প্ল্যান বাংলাদেশের সহযোগী ইউএসএসের জলঢাকা প্রকল্প সমন্বয়কারী হানিফ মোহাম্মদ বলেন, ‘তারা নিজেরাই চিন্তা করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে এবং তারাই এর সমাধান খুঁজে বের করে সচেতনতা সৃষ্টি করেন। তাদের সমাজের বৈষম্য নিয়ে নাটক, জারিগান তারাই তৈরি করে। আমরা শুধু তাদের সহায়তা করি। আমরা তাদের কোনো কিছুই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না। এভাবেই আজ স্নিগ্ধা তার অবস্থান তৈরি করেছে।’ট্যাংগনমারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুজ্জামান বলেন, ‘স্নিগ্ধা রায় আমাদের স্কুলের বিজ্ঞান শাখার নবম শ্রেণীর ছাত্রী। তার রোল ১৪। সে লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী। খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও সে অনেক ভালো। সে এই বয়সে বাংলাদেশের মেয়ে হয়ে এশিয়া মহাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে, এটা আমাদের গর্বের বিষয়।’