বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী ও বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু হয়েছে।বাংলাদেশের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বাংলাবান্ধায় এবং ফুলবাড়ীতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল শনিবার একই সময়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।মতিয়া চৌধুরী দুপুর একটা ১০ মিনিটে বাংলাবান্ধায় বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনের পর জিরো লাইনে ফিতা কেটে মূল অনুষ্ঠানস্থল ভারতের ফুলবাড়ীতে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হোসাইন আহমেদ, রংপুরের বিভাগীয় কমিশনার জসিমউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম।পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম ও উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।সাংসদ মো. মজাহারুল হক প্রধান ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির জন্য উপহার হিসেবে একটি সোনার নৌকা, এক মণ ইলিশ এবং ১০ কেজি করে মিষ্টি, তুলসী চা ও গ্রিন চা নিয়ে যান।প্রণব মুখার্জি বলেন, ফুলবাড়ী-বাংলাবান্ধা স্থলবন্দর চালুর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন একটি পথ খুলে গেল, যা শিগগিরই দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে সবচেয়ে বড় স্থলবন্দর হিসেবে চিহ্নিত হবে। সে লক্ষ্যে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ফুলবাড়ীকে একটি আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে। সীমান্ত পথে অচিরেই উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল শুরু করার উদ্যোগও নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির উল্লেখ করে প্রণব মুখার্জি বলেন, এটা চলতে পারে না। বাণিজ্য ঘাটতি দূর করতে ভারত সরকার শিগগির কিছু পদক্ষেপ নেবে।প্রণব মুখার্জি আরও বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বন্ধুপ্রতিম দুই দেশ পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি সব সমস্যার সমাধানে আগ্রহী।মতিয়া চৌধুরী বলেন, ভারত-বাংলাদেশের সমঝোতা স্মারকের আলোকে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো। এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমে আসবে।অশোক ভট্টাচার্য আগামী ছয় মাসের মধ্যে ফুলবাড়ীতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে ইমিগ্রেশন তথা যাত্রী চলাচলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। তিনি ঢাকা ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগড়া বিমানবন্দরের মধ্যে বিমান পরিষেবা চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।এদিকে ফেডারেশন অব এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস প্রথম আলোকে বলেন, এই পথে বাণিজ্য শুরু হওয়ায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য আরও সহজ হবে। শুধু তা-ই নয়, এই পথে বাংলাদেশ, নেপাল, ভুটানের সীমান্ত বাণিজ্যও আরও বাড়বে। এদিকে বাংলাদেশের আমদানিকারক ওয়াকিল আহমেদ বলেন, এনবিআরের জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুধু পাথর আমদানি করার কথা উল্লেখ রয়েছে। সে জন্য এই স্থলবন্দরকে কার্যকর করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে।শিলিগুড়ির রপ্তানিকারক ব্রজ কিশোর প্রসাদ বলেন, বাংলাদেশের রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন সংশোধন করতে হবে। নইলে এই বন্দর কার্যকর হবে না।সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম বলেন, বাংলওাবান্ধার অবস্থান খুবই সুবিধাজনক। যেখান থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য করা সহজ হবে। কারণ এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, ১০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহর, ৫৮ কিলোমিটার দূরে দার্জিলিং, ৬১ কিলোমিটার দূরে নেপালের কারকরভিটা এবং ৬৮ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্টসিলিং শহরের অবস্থান।অভিবাসনসহ বাংলাবান্ধা স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে উত্তরাঞ্চলে পর্যাপ্ত কর্মসংস্থানসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নতুন দিকের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।