বাংলাবান্ধায় ত্রিদেশীয় আমদানি-রপ্তানি বন্ধ, পণ্যবাহী ট্রাক আটকা
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ সোমবার সকাল সাতটা থেকে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। পণ্যবাহী ট্রাক থেকে পণ্য উঠানো-নামানোর দাবিতে বাংলাবান্ধা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের সিপাইপাড়া এলাকা অবরোধ করে রেখেছে। এতে তিনটি দেশের আমদানি ও রপ্তানিযোগ্য পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা পড়ে আছে। বাংলাবান্ধা স্থলবন্দর, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাতটা থেকে বাংলাবান্ধা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের প্রায় ১৫০ জন শ্রমিক মাথায় লাল ফিতা বেঁধে মহাসড়কে অবস্থান নেন। অবরোধের ফলে স্থলবন্দরের উভয় পাশে পণ্যবোঝাই কয়েক শ ট্রাক সকাল থেকে আটকা পড়ে আছে। এতে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাবান্ধার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অচলাবস্থা নিরসনে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।অবরোধকারী সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর চালুর পর থেকে অনিবন্ধিত অন্য একটি কুলি শ্রমিক ইউনিয়ন জোর করে পণ্য উঠানো-নামানোর কাজ করে আসছে। অথচ বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নের নিবন্ধন থাকলেও তাদের পণ্য ওঠা-নামা করতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি মানা না হলে অবরোধ অব্যাহত থাকবে বলে তিনি জানান।স্থলবন্দর সূত্রে জানা যায়, পণ্য ওঠানামা করার জন্য ২০০৩ সালে শ্রমিকেরা উপজেলা লোড-আনলোড কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন করেন। যার রেজিস্ট্রেশন নম্বর ২৩০৫। সীমিত আকারে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর স্থানীয় কিছু শ্রমিক সেখানে কাজ করতে থাকে। পরে স্থানীয় শ্রমিকেরা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন নামে আরেকটি সংগঠনের রেজিস্ট্রেশন করেন। এ সংগঠনটির শ্রমিকদের পণ্য উঠানো-নামানোর কাজ করতে বাধা দেওয়া হলে তাঁরা আজ সড়ক অবরোধ করেন।