বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতির আক্রমণে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় বন্য হাতির আক্রমণে আজ শুক্রবার রুমা (১৪) নামের বাংলাদেশি এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।গ্রামবাসী সূত্রে জানা যায়, ভারত থেকে আসা একটি বন্য হাতি আজ সকাল সাড়ে সাতটার দিকে বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে আক্রমণ চালায়। এতে পাঠানপাড়া গ্রামের আবদুর রফিকের মেয়ে রুমার মৃত্যু হয়। এ ছাড়া হাতিটির আক্রমণে ওই গ্রামের বিভিন্ন বাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, গ্রামবাসী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা হাতিটিকে গ্রামের একটি আখ খেতের মধ্যে ঘেরাও করে রেখেছে।পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রাহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতিটিকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে আটক করার জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।