বাংলাভিশনে নতুন ধারাবাহিক ‘হাড়কিপটে’
বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাড়কিপটে’। এ উপলক্ষে আজ বুধবার বাংলাভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, বিজ্ঞাপন বিভাগের প্রধান নুরুল ইসলাম খান, অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ, অনুষ্ঠান ব্যবস্থাপক দেওয়ান শামসুর রকিব, হাড়কিপটে নাটকের পরিচালক সালাহউদ্দিন লাভলু ও রচয়িতা বৃন্দাবন দাস, নাটকের অভিনয়শিল্পী, কলাকুশলীসহ অনেকেই।সালাহউদ্দিন লাভলু বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন আমাদের টেলিভিশন চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা চেয়েছি, এখানকার মানুষকে দেশীয় চ্যানেলমুখী করার। এমনকি দায়বদ্ধতার জায়গা থেকে হাড়কিপটে তৈরির চেষ্টা করেছি। আমাদের কাছে মানুষকে আনন্দ দেওয়াটাই মুখ্য বিষয়। এক বছর ধরে শীত এবং বর্ষার অনেক কষ্টে শুটিং করেছি। আশা করছি, আগের ধারাবাহিকগুলোর মতো এটি দর্শক-নন্দিত হবে।’হাড়কিপটে নাটকে দুই পরিবারের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। দুই বন্ধু আমিরুল হক চৌধুরী ও হাবিবুর রহমান মধুর কৃপণতায় মজার মজার গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকের কাহিনি।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, আমিরুল হক চৌধুরী, শিরিন আলম, হাবিবুর রহমান মধু, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ।‘হাড়কিপটে’ নাটকটি ১৬ ডিসেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখানো হবে।