বাংলাভিশনের কর্মীদের সঙ্গে র্যাবের হাতাহাতি
তুচ্ছ ঘটনা থামাতে এসে সাদা পোশাকের র্যাব সদস্যদের সঙ্গে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের কর্মীদের হাতাহাতি হয়েছে। র্যাবের মারধরে আহত হয়েছেন কয়েকজন সংবাদকর্মী। র্যাব দাবি করেছে, তাদের দুজন সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেল মোড়ে নূর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।জানতে চাইলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। এ জন্য আমরা দুঃখিত। যদি কেউ বাড়াবাড়ি করে বা কারও দোষ থাকে, তবে সুষ্ঠু তদন্তের পর আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’ তিনি জানান, এ ঘটনায় জড়িত তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাভিশনের কয়েকজন সংবাদকর্মী জানান, গতকাল বিকেলে অফিসে আসার সময় বাসের ভেতরে বাংলাভিশনের ভিডিও এডিটর নাসিরের সঙ্গে ইউনাইটেড লিজিং নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মীর বাগিবতণ্ডা হয়। দুটি প্রতিষ্ঠানেরই কার্যালয় কাঁঠালবাগানের নূর টাওয়ারে। বাস থেকে নেমে দুজনে নূর টাওয়ারে প্রবেশের পথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনদের মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, সবকিছু মিটে যাওয়ার পর বিকেল পৌনে পাঁচটার দিকে র্যাবের একটি গাড়ি হঠা ৎ করে সেখানে আসে। এ সময় টাওয়ার-সংলগ্ন চায়ের দোকানে চা পান করছিলেন বাংলাভিশনের কয়েকজন কর্মী। তুচ্ছ ঘটনায় র্যাবের ত ৎ পরতা নিয়ে সেখানে দাঁড়িয়ে মন্তব্য করেন বাংলাভিশনের সম্প্রচার প্রকৌশলী হাসানুল ইসলাম রায়হান। এ কথা শুনে র্যাবের এক সদস্য ‘যথেষ্ট বেয়াদবি করেছেন’ বলে তাঁকে চড় মারেন। অন্যরা এগিয়ে এসে বিষয়টি থামানোর চেষ্টা করেন। কিন্তু ওই র্যাব সদস্য তাঁর সঙ্গে আসা অন্যদের ডেকে এনে ওই প্রকৌশলীকে মারতে মারতে র্যাবের গাড়িতে নিয়ে তোলেন। গাড়িটি নূর টাওয়ারের সামনে থেকে চলে যায়। র্যাবের কয়েকজন সদস্য তখনো ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের সহকারী পরিচালক হাসান আল মামুন বলেন, ‘সহকর্মীকে আটকের খবর শুনে বাংলাভিশনের বেশ কয়েকজন কর্মী নিচে নেমে আসেন। এরপর তাঁরা ঘটনাস্থলে থেকে যাওয়া র্যাব সদস্যদের সঙ্গে তর্ক শুরু করেন। একপর্যায়ে সবাই হইচই করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই র্যাব সদস্যরা পিস্তল বের করে উপস্থিত লোকজনকে ধাওয়া করেন এবং ফাঁকা গুলি ছোড়েন। গুলি ও ধাওয়ার পর আশপাশের মানুষ মনে করেন, চাঁদাবাজি হচ্ছে। তাঁরা র্যাব সদস্যদের ওপর চড়াও হন। পরে তাঁদের বাঁচাতে আমরা বাংলাভিশনের কার্যালয়ে নিয়ে যাই।’ঘটনার বর্ণনা দিয়ে বাংলাভিশনের প্রধান প্রতিবেদক শারমীন রিনভী বলেন, ‘সহকর্মীকে র্যাব ধরে নিয়ে গেছে শুনে নিচে নেমে এসে দেখি, র্যাবের চারজন সদস্য পিস্তল উঁচিয়ে সবাইকে গুলি করার ভয় দেখাচ্ছেন। একপর্যায়ে তাঁরা পিস্তল উঁচিয়ে সবাইকে ধাওয়া দিয়ে ভবনের নিচতলা পর্যন্ত নিয়ে যান। তাঁরা কয়েকটি ফাঁকা গুলিও ছোড়েন।’বাংলাভিশনের প্রতিবেদক জাহিদা রহমান বলেন, ‘ওখানে গিয়ে দেখি, একদম সাধারণ পোশাকে কয়েকজন র্যাব সদস্য দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা যে র্যাব, এটা বোঝার কোনো উপায় ছিল না। এমনকি আমরা তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা তা-ও দেখাতে পারেননি। তাঁদের একজন “পরে দেখে নেবে” বলে মোবাইল ফোনে আমাদের ছবি তুলছিলেন।’সন্ধ্যায় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রক্তাক্ত অবস্থায় প্রকৌশলী রায়হানকে বাংলাভিশনের কার্যালয়ে নিয়ে আসে র্যাব। এ সময় সংবাদকর্মীরা কেউ কেউ উত্তেজিত হয়ে ওঠেন, কেউ কান্নায় ভেঙে পড়েন। রায়হানকে একটি বেসরকারি হাসপাতালে চিকি ৎ সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন চ্যানেলটির প্রতিবেদক জাহিদা রহমান, চিত্রগ্রাহক রাসেল মিজান ও ভিডিও এডিটর মঞ্জু। আহত প্রকৌশলী হাসানুল ইসলাম রায়হান বলেন, তাঁকে দেড় ঘণ্টা গাড়িতে ঘোরানো হয়েছে। এ সময় তাঁকে মারধর করা হয়েছে বলে তিনি জানান।ঘটনাস্থলে উপস্থিত র্যাব সদস্যরা বলেছেন, বাংলাভিশনের কর্মীরা তাঁদের মারধর করে দুজনকে আটকে রেখেছিলেন। সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাঁরা মুক্তি পান।সন্ধ্যার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল, র্যাব-২-এর অধিনায়ক কামাল উদ্দীন আহমেদ, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাভিশনের কার্যালয়ে আসেন। তাঁদের সঙ্গে চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয়। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও র্যাব সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে বাংলাভিশনের সংবাদ বিভাগের প্রধান মোস্তফা ফিরোজ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাতে মনে হয়েছে, এটা একটা ভুল-বোঝাবুঝির ফল।’ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।গুলি করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে র্যাব কর্মকর্তা এম সোহায়েল বলেন, ‘সেখানে কোনো গুলির ঘটনাই ঘটেনি।’এ প্রসঙ্গে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বাংলাভিশনের লোকজন গুলি ছোড়ার অভিযোগ করেছেন, তবে র্যাব সদস্যরা তা অস্বীকার করেছেন।