বাংলামোটরে বাসের চাপায় সেবিকা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটর এলাকায় বাসের চাপায় শবনম মুস্তারি (২৭) নামের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অপারেশন থিয়েটারের একজন স্টাফ নার্স নিহত হয়েছেন।আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আজ দুপুরে শবনম মোহাম্মদপুর যাওয়ার উদ্দেশে বাংলামোটর নার্সিং হোস্টেল থেকে বের হয়ে বাস ধরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শাহবাগ থেকে আসা বিহঙ্গ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শবনমের মৃত্যু হয়।শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।উল্লেখ্য, শবনম নড়াইল লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের এ কে এম শামীম হোসেন খানের মেয়ে।