সুঘ্রাণের প্রতি মানুষের সহজাত টান আছে। নানা রকম ফুল, পাতা ও গাছের কষ থেকে মানুষ সুগন্ধি তৈরি ও ব্যবহার করে আসছে আদিকাল থেকেই। আগর-আতর এ রকমই প্রাকৃতিক উৎসের সুগন্ধি। এই সুগন্ধি পবিত্রতার প্রতীকও বটে।মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিভৃত গ্রাম সুজানগরে কয়েক শ বছর ধরে এমন আতর ও আগর তৈরি হচ্ছে। বাংলার এক পল্লিতে তৈরি হওয়া আগর-আতর দূরদেশের মানুষকে মোহিত করছে। এই আগর ও আতর পৌঁছে যাচ্ছে আরব শেখ-আমিরদের দরবারে। একে ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা।আগর-আতরের গ্রাম: সুজানগরে কবে থেকে আগর-আতরের উৎপাদন শুরু হয়েছে, তার সঠিক ইতিহাস জানা যায় না। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে রাজা গৌরগোবিন্দের কাছ থেকে সিলেট জয় করেন হজরত শাহজালাল (রহ.)। কৃষি ও আগরবিশেষজ্ঞ ফারুক আহমদ গত ৩০ জুলাই মৌলভীবাজারে এক সেমিনারে ‘আগরশিল্পের সম্ভাবনা, সমস্যা ও সুপারিশমালা’ শীর্ষক নিবন্ধে উল্লেখ করেন, ‘শোনা যায়, সিলেটের রাজা গৌরগোবিন্দ হজরত শাহজালালের (রহ.) ভয়ে পালিয়ে যান। তখন তাঁর ফেলে যাওয়া জিনিসের সঙ্গে সুগন্ধি আগর পাওয়া গিয়েছিল।’ তার মানে, হয়তো তখনো এই অঞ্চলের অভিজাত ঘরানায় আগর-আতরের প্রসার ছিল। মৌলভীবাজার-বড়লেখা সড়কের রতুলি থেকে পশ্চিম দিকে সুজানগরে ঢুকলেই পিচঢালা সড়কের দুই পাশে অসংখ্য আগরের গাছ চোখে পড়ে। এই এলাকার এমন কোনো বাড়ি নেই, যেখানে আগরগাছ মিলবে না। এমন কোনো টিলা নেই, যেখানে আগরগাছ ছোট ছোট সবুজ পাতায় ঝলমল করে হাসছে না। ছোট ও মাঝারি আকারের গাছগুলো তার গোপন মোহন ঘ্রাণ শরীরে লুকিয়ে রেখে রোদ-বৃষ্টিতে ভিজছে। কোথাও বা এক-দুই বিঘা বা তারও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে আগরগাছের বাগান।অথচ আগে এ রকম ছিল না। প্রাকৃতিকভাবে বন-জঙ্গলে আগরগাছ জন্মাত। তা খুঁজে এনে আতর উৎপাদন করা হতো। এখন অনেকে আগর-আতর উৎপাদন করেন না, কিন্তু আগরগাছের বাগান করে গাছ বিক্রি করেন। ১৮ আগস্ট সুজানগর ইউনিয়নের শালদিঘা গ্রামের বেঙ্গল পারফিউমারিতে গিয়ে দেখা গেল, শ্রমিকেরা কাজে ব্যস্ত। সেখানে কথা হয় শালদিঘা গ্রামের দুদু মিয়ার সঙ্গে। তিনি জানান, এই এলাকায় কবে থেকে আগর-আতর মিলছে, তা তাঁর জানা নেই। বাপ-দাদার আমল থেকে দেখছেন, সবাই এই কাজ করেন। তাই তিনিও করছেন। তিনি বলেন, ‘এটা না থাকলে আমাদের পেট চলবে না।’ খলাগাঁও গ্রামের মইনউদ্দিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে এখন আগরের কাজ করেন। ‘দুবাইতে দেখেছি, সেখানকার লোকজন বেশি আগর-আতর ব্যবহার করে। তাঁরা আগরের ভুসি দিয়ে টিকি বানায়। সেই সুগন্ধ টিকি পোড়ায়। বিয়েশাদিতে সুগন্ধি হিসেবে আতর দিয়ে থাকে।’ বলছিলেন মইন।উৎপাদন-প্রক্রিয়াআগরগাছে প্রাকৃতিকভাবে কোনো ক্ষত সৃষ্টি হলে ওই ক্ষতে কষ এসে জমা হয়। গাছ কেটে ক্ষতস্থান বেছে নিয়ে জ্বাল দিয়ে আগর-আতর উৎপাদন করা হয়। ১৫ থেকে ২০ বছর আগের কথা। প্রাকৃতিকভাবে ক্ষত হওয়া অংশ সংগ্রহ করে তৈরি করা আগর-আতর দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। তখন সুজানগরবাসী নিজেরাই নতুন পদ্ধতি উদ্ভাবন করে। এ পদ্ধতিতে আগরগাছের কাণ্ডে শত শত লোহার পেরেক মেরে গাছে কৃত্রিম ক্ষত সৃষ্টি করা হয়। সেই ক্ষতস্থানে কষ জমলে পুরো গাছটি কেটে টুকরা টুকরা করা হয়। এরপর খোলা হয় পেরেক। পেরেক খোলা হলে শ্রমিকেরা ক্ষতচিহ্নিত অংশ আলাদা করে তা পানির পাত্রে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত ভিজিয়ে রাখেন। সেই অংশগুলো বড় পাত্রে জ্বাল দেওয়া হয়। ৮ থেকে ১৫ দিন বা তারও বেশি সময় জ্বাল দিতে হয়। এই পাত্র থেকে একটি পাইপ দিয়ে জলীয় ও বাষ্পীয়ভাবে ফোঁটা ফোঁটা করে তরল অন্য একটি পাত্রে জমা হয়। পাত্রে জমা হওয়া তরলই হচ্ছে আতর। আতর উৎপাদনের এই প্রক্রিয়া জানালেন বেঙ্গল পারফিউমারির মালিক আবদুল কুদ্দুছ।৪০ থেকে ৫০ কেজি ক্ষতময় কাঠের টুকরা থেকে পাঁচ থেকে সাত তোলা পরিমাণ আতর উৎপন্ন হয়ে থাকে। প্রতি তোলা আতর সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয়।সিদ্ধ হওয়া টুকরাগুলো ভুসি হিসেবে সংগ্রহ করা হয়। ভুসির সঙ্গে অন্যান্য উপাদান মিশ্রিত করে হয় আগর।সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা সুজানগর অঞ্চলে ছোট-বড় প্রায় ৪০০টি কারখানা গড়ে উঠেছে। বড়লেখা আগর-আতর ব্যবসায়ী বহুমুখী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক রহিম বখস মুসা। তিনি জানালেন, এটা তাঁদের পারিবারিক পেশা, যা বংশানুক্রমিকভাবে চলে আসছে। ‘আমাদের ইউনিয়নের শতকরা ৫০ ভাগ মানুষই কোনো না কোনোভাবে আগর-আতর ব্যবসার সঙ্গে যুক্ত।’ বলেন তিনি। রহিম বখস বলেন, তাঁর কাছ থেকে ব্যবসায়ীরা আতর কিনে নিয়ে যান। ওই আতর কাতার, দুবাই, সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে চলে যায়। সেখানে কোম্পানির নামে মোড়কজাত হয়। সেখানকার শেখ-আমিরেরা বাংলার আতরের খুব ভক্ত।বেঙ্গল পারফিউমারির মালিক আবদুল কুদ্দুছ বলেন, ৫০০-৬০০ বছর বা তারও বেশি সময় আগে থেকে এই অঞ্চলে আগর-আতর উৎপন্ন হচ্ছে। চীন ও মধ্যপ্রাচ্যের লোকজন এখান থেকে আগর-আতর কিনে নিত।কুয়েত ও সৌদি আরবে তাঁদের আতরের কারখানা আছে বলে জানান কুদ্দুছ। তিনি আরও জানান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাতের দুবাইতে এই অঞ্চলের মানুষের আগর-আতর কারখানা আছে। আরও মানসম্পন্ন আতর তৈরির জন্য এলাকায় একটি আগর-আতর গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা দরকার বলে মনে করেন তিনি।সমস্যা ও সম্ভাবনাআতর ব্যবসায়ী এম এ কবীর অভিযোগ করেন, বন বিভাগের টিপি (ট্রানজিট পারমিট) বিধিনিষেধের কারণে আতর-আগর উৎপাদন, পরিবহন ও রপ্তানি ব্যাহত হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে আগরকে সাইটিস (কনজারভেশন অব ইন্টারন্যাশনাল ট্রেড অব এনডেঞ্জার স্পেসিস অব ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফোনা) তালিকাভুক্ত উদ্ভিদ প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকাভুক্ত উদ্ভিদ বা তার অংশ থেকে সৃষ্ট কোনো পণ্য রপ্তানি কিংবা পুনঃরপ্তানি করতে হলে প্রধান বন সংরক্ষকের ছাড়পত্রের প্রয়োজন। নানা জটিলতার কারণে এ ছাড়পত্র সময়মতো পাওয়া যায় না।ব্যবসায়ীরা জানান, সাইটিস ছাড়পত্রের জটিলতার কারণে বিদেশে যাওয়ার সময় বোতলে বা কোনো ধরনের পাত্রে করে আতর নিয়ে যাওয়া হচ্ছে।অন্যদিকে আগর-আতর একটি সম্ভাবনাময় খাত হলেও একে শিল্প হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে ব্যাংকঋণ এবং বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে উৎপাদনকারীরা শিল্প-সুবিধা পাচ্ছেন না। তাই এ খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।বন বিভাগ সূত্রে জানা গেছে, বন বিভাগের উদ্যোগে আগর বনায়ন প্রকল্পে সামাজিক বনায়নের মাধ্যমে মৌলভীবাজার জেলার জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখা এলাকায় এক হাজার ২১০ হেক্টর ভূমিতে আগরগাছ রোপণ করা হয়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান জানান, বিধিমালা মেনে টিপি প্রদান করা হবে। গাছ পরিবহনের জন্য আবেদন করতে হবে। তারপর যাচাই-বাছাই করে টিপি দেওয়া হবে। কারণ আগরগাছ যেমন ব্যক্তিগত পর্যায়ে বাড়িতে আছে, তেমনি সরকারি বনেও আছে। তাই টিপি প্রয়োজন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল আলম বলেন, ‘স্থানীয়ভাবে সরকারের পক্ষ থেকে আগর-আতরের বাণিজ্যিক বিকাশে সহযোগিতা করা হচ্ছে। এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।