বাংলার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের উদ্দেশে বলেছেন, ‘যত দিন বাংলার আকাশ, বাতাস, মাটি, পানি থাকবে; বাংলার মানুষ আপনাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের ৬১ জন বন্ধুকে সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁদের এই সম্মাননা দেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে সম্মাননা দেওয়ার সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এতে সাফল্য আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মাটিতে সব ধর্ম-বর্ণ ও শ্রেণীর মানুষের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ। শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আগামী ডিসেম্বর মাসে আবারও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হবে।’ সম্মাননার তালিকায় থাকা লোকজনের মধ্যে ৪৯ জন ভারতের, একজন নেপালের, একজন ভিয়েতনামের, তিনজন যুক্তরাজ্যের, দুজন যুক্তরাষ্ট্রের, দুজন সুইডেনের ও একজন ইতালির নাগরিক। বিদেশি বন্ধুদের সম্মাননা জানাতে প্রায় ৬০০ জনের প্রাথমিক একটি তালিকা তৈরি করা হয়। এরপর ৫০০ জনের নাম চূড়ান্ত করে সম্মাননা জানানোর প্রক্রিয়া শুরু হয়।বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্বে গত বছরের জুলাইতে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা সম্মাননা’ দেওয়া হয়। ইন্দিরার পক্ষে তাঁর পুত্রবধূ ও ভারতের ক্ষমতাসীন জোটের সভানেত্রী সোনিয়া গান্ধী ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৮৩ জন বিদেশিকে গত মার্চে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।