দিল্লিতে ‘ফ্রিডম’স মাদার’বইয়ের প্রকাশনা উৎসব
বাংলার মায়ের কাহিনি এবার বিদেশিরাও জানতে পারবে
বাংলার এক অসাধারণ মায়ের কাহিনি এবার জানতে পারবে তারাও, যাদের ভাষা বাংলা নয়। যে নারীর নিজের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম মিশে যায় তাঁর দেশের স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে। আনিসুল হকের লেখা মা উপন্যাসটির ইংরেজি অনুবাদ ফ্রিডম’স মাদার-এর প্রকাশনা উৎসবে বক্তাদের কণ্ঠে ছিল এই আশাবাদ।গতকাল শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এই প্রকাশনা উৎসবের প্রথম পর্বে ছিল ‘স্বাধীনতা: সম্মিলিত স্বপ্নের চিত্রকল্প’ শীর্ষক আলোচনা। ভারতের প্রখ্যাত বুদ্ধিজীবী কারান সিংয়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেবেন ক্যাপ্টেন জে সি শর্মা, বাংলাদেশের হাইকমিশনার এইচ ই তারিক এ করিম এবং পাইওনিয়ার পত্রিকার প্রধান সম্পাদক চন্দন মিত্র এমপি। সবাইকে স্বাগত জানান প্যালিম্পসেস্ট প্রকাশনা সংস্থার প্রধান ভাস্কর রায়। ফ্রিডম’স মাদার বই থেকে পড়ে শোনান লেখক আনিসুল হক।বক্তারা বলেন, স্বাধীনতা পাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে কী ভীষণ মূল্য দিতে হয়েছিল, কত ত্যাগ স্বীকার করতে হয়েছিল, তা সারা বিশ্বে প্রচারিত হওয়া উচিত। মা ও সন্তানের কাহিনির মাধ্যমে আনিসুল হক ফ্রিডম’স মাদার বইতে একাত্তর সালের বাংলাদেশের মানুষের সংগ্রাম ও ত্যাগের কথা মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন। তাঁরা উপন্যাসটির আঙ্গিক ও ভাষাশৈলীর প্রশংসা করে বলেন, বইটি হাতে নিলে পড়ে শেষ না করে পারা যায় না।ক্যাপ্টেন কে জি সিং একাত্তর সালের যুদ্ধদিনের স্মৃতিচারণা করে বলেন, তিনি পাকিস্তানি একজন সেনা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমরা মানুষের ওপর এ রকম অত্যাচার করতে পারলে কী করে।’ পাকিস্তানি ওই সেনা কর্মকর্তার উত্তর ছিল, ‘এ জন্যই তো আমরা যুদ্ধে হেরে গেছি।’