স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানশ্রীমঙ্গল এলাকায় প্রতিরক্ষা অবস্থানের জন্য ধলই বিওপি (সীমান্ত ফাঁড়ি) খুব আদর্শ স্থান। বিওপির সামনে দিয়ে বয়ে গেছে ধলই খাল। খাল পার হলেই ভারতের সীমানা। চারদিক চা-বাগান দিয়ে ঘেরা। ছোট ছোট টিলা, বাঁশবন, খানাখন্দ, চা-শ্রমিকের বসতি— এসব নিয়েই ধলই।পাকিস্তানি বাহিনী ধলই বিওপিকে ঘিরে কয়েক মাস ধরে বাংকার বানিয়েছে। পুরো সিলেট অঞ্চলের মধ্যে এই বাংকারগুলোই সবচেয়ে সুরক্ষিত। এফএফ রেজিমেন্টের দুই কোম্পানি সেনা রাত-দিন পাহারা দিচ্ছে। তাদের সঙ্গে আছে টসি ব্যাটালিয়ন ও রাজাকার বাহিনী। বাড়তি সাবধানতা হিসেবে বিওপির চারধারে মাইন ফিল্ড বসানো হয়েছে।মুক্তিবাহিনী ধলই বিওপি আক্রমণ করবে। ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউদ্দিন ধলই আক্রমণের নির্দেশ পেয়েছেন। আক্রমণ হবে ২৮ অক্টোবর, সুবেহ সাদিকের সময়। রেকি করে দেখা গেল, আক্রমণের জন্য ঢোকাই মুশকিল। ঘন বাঁশবন, চা-বাগানের প্রাকৃতিক দুর্গের মধ্যে পাকিস্তানি বাহিনী আবার কংক্রিটের বাংকার করেছে। বিওপির অবস্থান চারপাশ থেকে খানিকটা উঁচু জমির ওপর। এটাও একটা অসুবিধা।আক্রমণের একটাই রাস্তা খোলা। কনভেনশনাল যুদ্ধই করতে হবে। আক্রমণের দায়িত্ব দেওয়া হলো ক্যাপ্টেন নূর চৌধুরী ও লেফটেন্যান্ট কাইয়ুম চৌধুরীর অধীন চার্লি কোম্পানিকে। যুদ্ধের সময় শত্রু বাইরে থেকে ‘রি-ইনফোর্সমেন্ট’ পেতে পারে। এটা ঠেকাতে ডেল্টা কোম্পানি ধলই-শ্রীমঙ্গল সড়কে অবস্থান নেবে। ব্রাভো কোম্পানির দায়িত্ব হবে কুলি লাইনে থাকা পাকিস্তানি সেনাদের সঙ্গে অন্য অবস্থানগুলোর যোগাযোগ বন্ধ করে দেওয়া। আর আলফা কোম্পানির কাজ হবে টুইনহাট-রেডহাট এলাকায় পাকিস্তানি সেনাদের গুলি করে ব্যতিব্যস্ত রাখা। পাকিস্তানি বাহিনী পাল্টা হামলা করলে সেটা প্রতিহত করবে মিত্রবাহিনীর একটি ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট।২৮ অক্টোবরের কথা। রাত সাড়ে তিনটার সময় চার্লি কোম্পানি শত্রুর অবস্থান থেকে মোটে ৬০০ গজ দূরত্বে থাকা ফর্মিং আপ প্লেসে পৌঁছে গেল। শত্রুর প্রতিরক্ষা অবস্থানের বাঁ দিক থেকে আক্রমণ করবেন ক্যাপ্টেন নূর। ডান দিক থেকে আঘাত করবেন সুবেদার আবুল হাশেম। ডেপথ প্লাটুনের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কাইয়ুম।অ্যাসল্ট ফরমেশনে যাওয়ার আগেই মুক্তিবাহিনী আক্রান্ত হলো। শত্রু ভারী গোলার সাহায্যে ভয়ানক আক্রমণ করেছে। মুক্তিবাহিনীর দুটি প্লাটুনই থমকে গেছে। ক্যাপ্টেন নূর ‘ফায়ার অ্যান্ড মুভ’ পদ্ধতিতে এগোচ্ছেন। তাঁর প্লাটুন শত্রুর খুব কাছাকাছি চলে এল।কিন্তু কপাল মন্দ। ক্যাপ্টেন নূরের গায়ে গুলি লেগেছে। প্লাটুনের পক্ষে এগোনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সুবেদার হাশেমের প্লাটুনও বেশি দূর এগোতে পারেনি। উঁচু টিলার ওপর থেকে শত্রুপক্ষ এলএমজি থেকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। এলএমজির আওতায় পা দিলেই নিশ্চিত গুলিতে মারা পড়তে হবে।এখন সামনে এগোনোর একটাই পথ। এলএমজি পোস্টটাকে অকার্যকর করা। বিষয়টি ডেপথ প্লাটুনকে জানানো হলো। ‘সুইসাইড স্কোয়াড’ পাঠাতে হবে। লেফটেন্যান্ট কাইয়ুম একজন অত্যন্ত সাহসী সেনা খুঁজছেন। যাঁর বাঘের সমান কলিজা হবে। ভেবেচিন্তে তিনি একজন সেপাইকে ডাকলেন। এই সেপাইয়ের নাম হামিদুর রহমান। হামিদুরকে বলা হলো—যাও, এলএমজিটা অকার্যকর করে ফেলো।এই অর্ডারের পরিষ্কার অর্থ—যাও, জানটা দিয়ে এসো। এলএমজির গুলিতে গোটা প্লাটুন আটকা পড়ে গেছে। আর হামিদুর একা যাবেন এলএমজিকে স্তব্ধ করতে। বেঁচে থাকার সম্ভাবনা শূন্য। কিন্তু হামিদুর এসব কথা কিছুই ভাবার সময় নিলেন না। আদেশ শোনামাত্র বুকে হেঁটে এলএমজির দিকে এগোনো শুরু করলেন। বিওপির পাশ ঘেঁষে চা-বাগানের সেচখাল। হামিদুর খালের ভেতর দিয়ে এলএমজি পোস্টের দিকে যাচ্ছেন। তিনি প্রায় নিঃশব্দে বুকে হেঁটে এগোচ্ছেন। পাকিস্তানি সেনারা টের পেলে গুলি করে তাঁকে খালের সঙ্গে গেঁথে ফেলবে।হামিদুর এলএমজি পোস্টের গোড়ায় এসে পড়েছেন। এ সময় তিনি পাকিস্তানি সেনাদের চোখে পড়ে গেলেন। হামিদুর তখন শত্রুসেনার ১০ গজের মধ্যে। ৩৬ এইচই হ্যান্ড গ্রেনেড হাতে তিনি পাকিস্তানি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন, একা। গ্রেনেড বিস্ফোরণ করলেন। নিখুঁত নিশানা। শত্রুর এলএমজি উড়ে গেল। এলএমজি অকার্যকর হয়ে গেছে। হামিদুরের ওপর অর্পিত দায়িত্ব শেষ। বাংলার বীর সন্তান হামিদুর পিছু হটার কোনো চেষ্টা করছেন না। তিনি এবার ঝাঁপ দিয়েছেন পাকিস্তানি সেনাদের বাংকারে। গুলি করার দূরত্ব নেই। পাকিস্তানি সেনাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে। বীর শার্দুলের মতো হামিদুর একা দুই পাকিস্তানি সেনার ওপর ঝাঁপিয়ে পড়েছেন। পাকিস্তানি বাহিনী বিস্মিত হয়ে এই খ্যাপা দুর্বাসার কাণ্ড দেখছে। বাংকারের মধ্যে লাফিয়ে পড়ে চড়াও হওয়ার মতো ঘটনা ওরা কখনো শোনেনি। ছাড়া পাওয়া বাঘের মতো গজরাচ্ছেন হামিদুর। বাংকারেই দুজন পাকিস্তানি সেনা খতম হয়ে গেল।এই সময়ে অবধারিত ঘটনাটি ঘটল। হামিদুরের গায়ে শত্রুপক্ষের গুলি লেগেছে। এই গুলিতে হামিদুরের প্রলয়নৃত্যে ভাটা পড়ল। এবার ঝাঁকে ঝাঁকে গুলি এসে বিঁধতে লাগল তাঁর গায়ে। হামিদুর মাটিতে লুটিয়ে পড়লেন। বাংলার অসমসাহসী সন্তানদের একজন দেশের ঋণ মিটিয়ে শহীদ হয়ে গেলেন পাকিস্তানি সেনাদের বাংকারে।ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সিপাহি হামিদুরের মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়। গুলিতে ঝাঁঝরা হয়ে হামিদুরের দেহটা যখন মাটির ওপর আছড়ে পড়ল ঠিক সেই মুহূর্তেই হামিদুর বাংলার ইতিহাসের অংশ হয়ে গেলেন। তাঁর রক্তের ঋণ বাঙালি জাতি ভুলে যায়নি।স্বাধীনতাযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে অন্যতম একজন সিপাহি হামিদুর রহমান। হামিদুর রহমান বাংলার প্রতিটি মানুষের গৌরবের আর আদরের নাম।টীকা: কয়েক দিন টানা যুদ্ধ শেষে মিত্রবাহিনীর কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিংয়ের নেতৃত্বে ৩ নভেম্বর ধলই বিওপি শত্রুমুক্ত হয়।সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (দ্বিতীয় খণ্ড)—সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-চার)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা