বাংলালিংক, নন্দন মেগাশপসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা
জেনারেটরের শব্দদূষণের অপরাধে আজ সোমবার রাজধানীর গুলশানে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তরের একটি দল প্রতিষ্ঠানগুলিতে ব্যবহূত জেনারেটরের শব্দদূষণের মাত্রা পরিমাপ করে জনদুর্ভোগের প্রমাণ পায়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করে এ দণ্ডাদেশ দেন।গুলশানের বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর আজ অভিযান চালায়। পরে হোসনা সেন্টারকে তিন লাখ, বাংলালিংককে দুই লাখ, আইপিডিসি অব বাংলাদেশকে ৫০ হাজার এবং নন্দন মেগাশপকে এক লাখ টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়।গুলশানের ওই এলাকায় শব্দদূষণের আদর্শ মাত্রা ৬০ ডেসিবেল। পরিবেশ অধিদপ্তরের সরেজমিন পরীক্ষায় এ চারটি প্রতিষ্ঠানের জেনারেটরের শব্দদূষণের মাত্রা পরীক্ষা করে হোসনা টাওয়ারের জেনারেটরের শব্দের মাত্রা পায় ১০১ ডেসিবেল, বাংলালিংকের দুটি জেনারেটরের শব্দের মাত্রা পায় যথাক্রমে ৮৪ ও ৯০ ডেসিবেল, আইপিডিসির জেনারেটরের শব্দের মাত্রা পায় ৮১ ডেসিবেল এবং নন্দন মেগা শপের জেনারেটরের শব্দের মাত্রা পায় ৮৯ ডেসিবেল।দণ্ডাদেশ প্রদানের পর সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠানকে ১৪ আগস্টের মধ্যে শব্দদূষণ বন্ধে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, জেনারেটর জব্দ, মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।