বাংলায় বলে আনন্দ পাই, বাংলা জীবনের অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘কোনো বাঙালি যদি বাংলা ভাষায় কথা বলতে না পারে, সেটা তাঁর ক্ষতি। আমি বাংলা ভাষায় কথা বলি, কারণ আমি বাংলায় কথা বলে আনন্দ পাই। বাংলা আমার জীবনের অংশ।’প্রথম বিশ্ব বাঙালি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে অমর্ত্য সেন এসব কথা বলেন। সেমিনারে তিনি ‘বাংলা সভ্যতার কয়েকটি দিক’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান।অমর্ত্য সেন বলেন, রাজনৈতিক কারণে দুই বাংলা বিভক্ত হলেও বাঙালির চিন্তাধারা এখনো এক। বাংলা সাহিত্য ও বাংলার ঐতিহ্য অনেক সমৃদ্ধ। অর্থনীতিবিদ এডাম স্মিথ অষ্টাদশ শতকেই বাংলাকে সমৃদ্ধশীল দেশ বলেছিলেন। অনেক নদীর কারণে এ অঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যের অনেক সুবিধা ছিল। এ কারণে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেনসহ ইউরোপের অনেক দেশ বাংলার সঙ্গে যোগাযোগ রাখতে উদগ্রীব ছিল।নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, বাঙালি সভ্যতায় গ্রহণশক্তি ও সমন্বয়প্রীতিতে অসাধারণ। নানা উত্স থেকে শব্দ গ্রহণের বাহাদুরি আছে আমাদের। সংস্কৃত, পালি, ইংরেজি, পর্তুগিজ শব্দ থেকে বাংলা ভাষায় শব্দ নেওয়া হয়েছে। সম্রাট আকবর যে নতুন ক্যালেন্ডার করেছিলেন, তাতেও সব সংস্কৃতির সমন্বয় করার চেষ্টা করেছিলেন। চন্দ্র ও সূর্য বছরের সমন্বয় করে তিনি এটা করেছিলেন।অমর্ত্য সেনের ভাষায়, কাজী নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতা লিখেছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতের প্রতি শ্রদ্ধা রেখেই লিখেছিলেন। বাঙালির সভ্যতায় গ্রহণশীলতা ও প্রশ্ন করার অভ্যাস ছিল। আমাদেরকে নতুন চিন্তার সময় অতীত ও ঐহিত্যের কথা স্বীকার করতে হবে। তিনি বলেন, বাংলা অনেক সমৃদ্ধ। তাই হীনম্মন্যতার কিছু নেই। বাঙালি সভ্যতা সব দিক থেকে প্রসারিত হোক—সেটা আমরা চাই। এ জন্য যা যা করতে হবে, সেসব আমরা করতে চাই।