বাংলায় শুনানিতে লোকলজ্জা!
উচ্চ আদালতে শুনানিতে মনস্তাত্ত্বিক চাপে এবং লোকলজ্জার ভয়ে বাংলা ভাষা ব্যবহার করতে পারছেন না সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীরা। বাংলায় শুনানি করলে বিচারপতি এবং প্রবীণ আইনজীবীদের কাছে হেয় হতে হয় বলে তরুণ আইনজীবীরা জানিয়েছেন। তাঁদের মতে, উচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারে কোনো বাধা না থাকলেও বাংলায় শুনানি করা এবং আরজি লেখার মানে হচ্ছে নিজেকে নিচু সারির আইনজীবীদের তালিকায় নাম লেখানো। আর এই ধারণা এখন রীতিমতো রেওয়াজেই পরিণত হয়েছে। তবে সম্প্রতি উচ্চ আদালতে বাংলা ব্যবহারের প্রবণতা বেড়েছে, যা ইতিবাচক হিসেবেই দেখছেন অনেক তরুণ। যদিও আদালতে বাংলা ব্যবহারে তরুণ আইনজীবীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আদালতে বাংলা ব্যবহার করা মানেই ভালো আইনজীবী নন—এ ধারণায় সবাই একমত নন। এ ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে সরে আসার ক্ষেত্রে সবাই একমত। তাঁদের মতে, বাংলায় শুনানি করাতে উৎসাহিত করা উচিত সাধারণ বিচারপ্রার্থীদের স্বার্থে। এ প্রসঙ্গে আইনজীবী মো. তৌহিদুল ইসলাম বলেন, আদালতে এমন ধারণা হয়ে গেছে যে ইংরেজিতে শুনানি না করলে বিচারক ও জ্যেষ্ঠ আইনজীবী তো আছেনই, বিচারপ্রার্থীরা পর্যন্ত ভাবেন আইনজীবী ইংরেজি জানেন না, এর মানে আইনজীবী ভালোমানের নন। তাই বাধ্য হয়েই ইংরেজি বলতে হয়। তবে আদালতে ইংরেজি ব্যবহার করাই অনেক সহজ। কারণ আইনের পরিভাষাগুলো ইংরেজিতেই সহজে উচ্চারণ করা যায়। তবে অনেক সময় অনেক বেঞ্চ ধরে নেন এ আইনজীবী বাংলায় বলছেন, এর মানে হচ্ছে আইনজীবী ইংরেজি ভালো জানেন না।আইনজীবী মাহফুজ বিন সিদ্দীক বলেন, আদালতে অনেক তরুণ আছেন, যাঁরা হয়তো স্বতঃস্ফূর্ত ইংরেজি বলতে পারছেন না কিন্তু নিজের মামলার গুণাগুণ সম্পর্কে আদালতকে অবগত করতে গিয়ে ভুল ইংরেজি বলছেন, এতে করে মামলাও ক্ষতিগ্রস্ত হয়। তাই কেউ বাংলায় শুনানি করতে চাইলে তাঁকে নিয়ে উপহাস না করে বরং তাঁকে বলার সুযোগ দেওয়া উচিত বিচারপ্রার্থীদের স্বার্থেই। এ নিয়ে লোকলজ্জা কোনো বিষয় হতে পারে না। আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, আদালতে ভাষার প্রয়োগ নিয়ে এখন একটা বৈষম্য তৈরি হচ্ছে। যাঁরা ভালো ইংরেজি বলতে পারছেন, তাঁরা একটা অবস্থান তৈরি করতে পারছেন আর যাঁরা বাংলায় বলছেন, তাঁরা ইংরেজি বলা আইনজীবীদের থেকে একটু পিছিয়ে যাচ্ছেন। বেঞ্চও তাঁদের উৎসাহিত করছেন না। ইদানীং দু-একজনকে বাংলায়ও বিভিন্ন দরখাস্ত বা আবেদন করতে দেখা গেছে। আদালতকে তাঁদের বাংলা শুনানিতে উৎসাহ দিতে দেখা যাচ্ছে না। ব্যারিস্টার তারানা আফরোজের মতে, বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আদালতে ইংরেজির ব্যবহার করতে হবে, তবে তার মানে এই নয় যে বাংলা উপেক্ষিত থাকবে। অনেক বেঞ্চ ভুল ইংরেজি বলার চেয়ে বাংলায় শুনানি করাকেই উৎসাহিত করছেন। বিভিন্ন দেশের নজিরগুলো ইংরেজিতেই লেখা। এগুলো তো বাংলায় ব্যবহার করা সম্ভব হয় না। তাই ইংরেজি ভাষা ব্যবহার করতে হয়। বাংলা ভাষায় আইনি পরিভাষার ক্ষেত্রেও অনেক জটিলতা হয়। তাই ইংরেজিতে যেমন বিস্তারিত গবেষণা এবং নজির পাওয়া সহজ বাংলা ভাষায়ও গবেষণার ক্ষেত্রটি আরও বাড়াতে হবে। আইনজীবী মো. আনিসুর রহমান বলেন, আদালতে আইনি পরিভাষার ক্ষেত্রে বাংলায় অনেক সমস্যা হয়। তবে বাংলায় শুনানির ক্ষেত্রে কোনো বাধা নেই। বিচারক মো. আবদুল হালিমের মতে, আদালতে ইংরেজি ভাষা ব্যবহার করাই সহজ। আর বাংলা ব্যবহারকারী আইনজীবীদের মূল্যায়ন খুব কম হয়। অনেক বেঞ্চকে বাংলায় শুনানি না করতে তরুণ আইনজীবীদের সরাসরি বলতেও দেখা গেছে। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আদালতের ভাষা হচ্ছে ইংরেজি। আবার অনেক আইনজীবী মনস্তাত্ত্বিক চাপে এবং হীনম্মন্যতার কারণে বাংলায় বলেন না।