বাইডেনের সমালোচনায় রমনি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। লিবিয়ার মার্কিন উপদূতাবাসে হামলার বিষয়ে বাইডেনের বিবৃতি ‘বিভ্রান্তিমূলক’ বলে মন্তব্য করে রমনি এই সমালোচনা করেন। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ান সরাসরি বিতর্কে অংশ নেন। বিতর্কের শুরুতেই স্থান পায় লিবিয়া প্রসঙ্গ। এ সময় রায়ানের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘লিবিয়ার মার্কিন উপদূতাবাসে অতিরিক্ত নিরাপত্তার জন্য আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি। আমরা জানতাম না তাঁদের আবারও আরও নিরাপত্তা দরকার।’ওবামার রানিংমেটের এই বক্তব্যের সমালোচনা করে গতকাল ভার্জিনিয়ায় নিজ সমর্থকদের উদ্দেশে রমনি বলেন, বাইডেনের এই বিবৃতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের স্বীকারোক্তির সরাসরি বিপরীত। রমনি বলেন, ‘যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের কথা সরাসরি অস্বীকার করেন, তখন দেশে কী হচ্ছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা জানার অধিকার আছে।’এদিকে বাইডেনের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, লিবিয়ার উপদূতাবাসে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি ভাইস প্রেসিডেন্ট ও ওবামার অজানা থাকার কথাই কেবল বলেছেন বাইডেন। নিরাপত্তার বিষয়টি পররাষ্ট্র দপ্তর দেখভাল করে।গত মাসে লিবিয়ার বেনগাজি শহরে যুক্তরাষ্ট্রের উপদূতাবাসে (কনস্যুলেট) হামলায় এক সেনা ও দুই কর্মকর্তার পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূতও নিহত হন। ওবামা প্রশাসন এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করছে। ওবামা প্রশাসন ওই পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছে, রায়ানের সঙ্গে বিতর্কে বাইডেন তার সাফাই গান। রমনির সমালোচনা করে তিনি বলেন, হামলার পরদিন সকালে রিপাবলিকানদের রাজনৈতিক সংবাদ সম্মেলন আয়োজন করা ‘প্রেসিডেন্টসুলভ নেতৃত্বের’ সঙ্গে সংগতিপূর্ণ নয়। জবাবে রায়ান বলেন, লিবিয়ায় কূটনীতিকদের নিরাপত্তার ব্যবস্থা জোরালো করার আহ্বান অগ্রাহ্য করেছে ওবামা সরকার।কেনটাকি অঙ্গরাজ্যের সেন্টার কলেজে অনুষ্ঠিত ওই বিতর্কে সঞ্চালকের দায়িত্বে ছিলেন এবিসি নিউজের মারথা রাদ্দাত্জ। বিতর্ককালে দুই প্রার্থীকে শান্ত রাখতে মারথা জোর চেষ্টা চালান। জো বাইডেনকে বিতর্কের মঞ্চে শুরুতেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে। তিনি অপেক্ষাকৃত শান্ত প্রতিদ্বন্দ্বী পল রায়ানের বক্তব্যে প্রায়ই হস্তক্ষেপ করে বাধা সৃষ্টি করছিলেন। উইসকনসিন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য পল রায়ানের এটি ছিল জাতীয় পর্যায়ে কোনো বিতর্কে প্রথমবারের মতো অংশগ্রহণ।