বাইরে থাকা নেতাদের দায়িত্ব ভাগ করে দিলেন খালেদা
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের অনুপস্থিতিতে দলের কাজ চালিয়ে নিতে কারাগারের বাইরে থাকা নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বিএনপি সূত্র জানিয়েছে, এসব নেতার একটি অংশ রাজপথের আন্দোলন পরিচালনা করবেন। আরেকটি অংশ কারাবন্দী নেতাদের মুক্ত করতে আইনি লড়াইয়ে থাকবেন। এর মধ্যে রাজপথের আন্দোলন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। এ ছাড়া যুগ্ম মহাসচিব বরকত উল্লা ও মিজানুর রহমানকে ঢাকায় অবস্থান করে দলের কর্মকাণ্ডে সক্রিয় থাকতে বলা হয়েছে। আর আইনি লড়াইয়ে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া। তাঁদের সব ধরনের সহায়তা করতে উচ্চ ও নিম্ন আদালতের বিএনপি-সমর্থিত আইনজীবীদের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া খালেদা জিয়ার নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দিতে মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত এই তিন নেতা মহাসচিবের বিভিন্ন কাজ ভাগ করে দল পরিচালনা করবেন। আর কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বে থাকবেন নজরুল ইসলাম খান।বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলের অনুপস্থিতিতে নতুন করে কাউকে আপাতত দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে না। দলীয় একটি সূত্র জানিয়েছে, ১৪ মে গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। তখন পর্যন্ত নেতারা গ্রেপ্তার হননি। মামলা হওয়া নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠালে দল কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিবদের ঢাকায় অবস্থান করতে বলা হয়। একই সঙ্গে ঢাকায় অবস্থানরত অন্য কেন্দ্রীয় নেতাদের দলীয় কর্মসূচিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই বৈঠকেই রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে মাঠের কর্মসূচি ও আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য কার কী দায়িত্ব ঠিক করা হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন একটি মামলায় এভাবে শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো নজিরবিহীন। তবে এই সরকার এমন ঘটনা ঘটাতে পারে, এই আশঙ্কা থেকে বিএনপির আগাম প্রস্তুতি ছিল। সাময়িক সমস্যা কাটিয়ে বিএনপি আগের ধারায় কঠোর কর্মসূচি পালন করে যাবে বলে মওদুদ দাবি করেন।বিপাকে বিএনপি: একসঙ্গে দলের গুরুত্বপূর্ণ বেশির ভাগ নেতা কারাগারে থাকায় বিপাকে পড়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল বৃহস্পতিবারের হরতালে সারা দেশে কত নেতা আটক বা গ্রেপ্তার হয়েছেন, সন্ধ্যা নাগাদ সেই তথ্য সাংবাদিকদের দিতে পারেনি দলটি। অথচ এর আগের প্রতিটি হরতালের পরে এই তথ্য সন্ধ্যার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকদের দেওয়া হতো। হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের পরবর্তী কর্মসূচি কী হবে, তাও নিশ্চিত করে বলতে পারছিলেন না নেতারা।পরবর্তী কর্মসূচি কী, এই প্রশ্নে নজরুল ইসলাম খানকে কিছুটা বিব্রত হতে দেখা গেছে। নজরুল ইসলাম খান জানান, রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।