বাইরে ফিটফাট আর ভেতরে সদরঘাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশেই মূল শহরের মধ্যে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চবিদ্যালয়। বাইরে সীমানাপ্রাচীরসহ সুদৃশ্য তোরণ এবং সামনে বিরাট খেলার মাঠ। কিন্তু ভেতরে ঢুকে বিদ্যালয়ের ভবন দেখলেই মনে হবে, ‘বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ অবস্থা।১৭ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবনে সাতটি শ্রেণীকক্ষ। বিদ্যালয় ছুটি হয়ে গেলেও চলছিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং ক্লাস। সেখানে ঢুকে দেখ যায়, ইট দিয়ে ঢাকা মেঝে আর ওপরে টিনের চালা। কথা হয় শিক্ষার্থী রুবিনা খাতুন, লিজা আক্তার, নাসরিন খাতুন, আবদুল কাদের, সুজন, হারুনুর রশিদ ও ফয়সাল আলীর সঙ্গে। তারা জানায়, মাথার ওপরের টিনের চাল দাঁড়ালেই ছোঁয়া যায়। গ্রীষ্মকালে গরমে ক্লাসে থাকা যায় না। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। অনেকে তখন অসুস্থ হয়ে পড়ে। আবার বর্ষায় ভারী বৃষ্টি হলে টিনের চালের বৃষ্টির শব্দে কানে তালা লেগে যায়। আর চাল চুঁইয়ে যখন পানি পড়া শুরু করে, তখন তো দুর্ভোগের সীমা থাকে না। শিক্ষার্থীরা কক্ষের পেছন দিকে চাল চুঁইয়ে পানি পড়ে দেবে যাওয়া মেঝে দেখায়।প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ স্বীকার করেন, অন্য শ্রেণীকক্ষগুলোর অবস্থাও প্রায় একই রকম অস্বাস্থ্যকর। তার ওপর বেঞ্চের অভাবে এবং কক্ষ ছোট হওয়ায় একই বেঞ্চে পাঁচ-ছয়জন শিক্ষার্থী গাদাগাদি করে বসে।প্রধান শিক্ষক বলেন, ১৯৯৬ সালে প্রায় চার বিঘা খাসজমি দীর্ঘমেয়াদি (৯৯ বছর) ইজারা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় বিদ্যালয়ের ভবন নির্মিত হয়। এ পর্যন্ত ভবনের জন্য কোনো সরকারি অনুদান পাওয়া যায়নি। বিদ্যালয়ের বিজ্ঞানাগারটি অত্যন্ত ছোট। সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই বললেই চলে। গত তিন বছরের ফলাফলে দেখা যায়, গড়ে শতকরা ৯০ ভাগ পরীক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫০।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আওয়ামী লীগের নেতা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঈনুদ্দীন মণ্ডল বলেন, ‘কী বলব দুঃখের কথা, নিজের দল ক্ষমতায় থাকার পরও বিদ্যালয়টির জন্য কিছু করতে পারছি না। এর উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। কিন্তু এখনো সাড়া পাইনি। ভাবছি, প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই আবেদন জানাব। কারণ স্থানীয় সাংসদের কাছে আবেদন জানিয়েও কোনো সাড়া পাইনি।’