বাইরে বারোয়ারি পণ্যের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই বিকেলের দিকে বেশ হাওয়া ছাড়ে প্রকৃতি। ঠান্ডা ভেজা ভেজা স্পর্শ তাতে। হু হু করে বইয়ে যাওয়া হাওয়ার ঝাপটায় শুকনো পাতা ঝরে পড়ে গাছ থেকে। ফলে গতকাল শনিবার অমর একুশে বইমেলায় সকালটা ভালোই কাটল ছোটদের। আরও একটি শিশু প্রহর শেষে মেলা প্রাঙ্গণ ছোট-বড় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।তবে সাপ্তাহিক ছুটির দিনটিও নিরাশ করল প্রকাশকদের। তাঁরা জানালেন, শুরুর কয়েকটা দিন ভালোই হয়েছে বেচাকেনা। তবে শাহবাগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিক্রি ব্যাপক কমে গেছে। তবে এ নিয়ে তাঁদের তেমন একটা আক্ষেপ নেই বলেই মনে হলো।নিয়মিত মেলায় আসা-যাওয়া করেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, শুক্রবারের তুলনায় জনসমাগম কম হওয়ায় পাঠক বেছে বেছে বই কেনার সুযোগ পেয়েছে।টিএসসি থেকে একাডেমীর প্রবেশপথ পর্যন্ত আয়োজকদের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই মনে হলো। এই পথের পুরোটাই দখল করে বসেছে বারোয়ারি পণ্যের হাট। সেখানে রুটি বেলনা থেকে শুরু করে বারোয়ারি মেলায় বিক্রি হওয়া সব ধরনের জিনিসপত্র মিলছে। বাড়তি পাওনা দেশ-বিদেশের পাইরেটেড বই। মামদো ভূতের গল্প থেকে শুরু করে স্বামী-স্ত্রীর সম্পর্ক-বিষয়ক বইও সেখানে আছে। এ নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার সোজাসাপ্টা বলে দিলেন, ‘ওটা আমাদের এলাকার বাইরে।’আন্দোলনের ছোঁয়া বইমেলায় গতকালও ছিল প্রবলভাবে। শুক্রবার রাতে নৃশংসভাবে নিহত শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার আহমেদ রাজীব হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা পৌনে সাতটায় বইমেলা প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মেলা প্রাঙ্গণে পিনপতন নিস্তব্ধতা। নির্দিষ্ট সময়ের আগে থেকেই নীরবতা পালনের ঘোষণা দেওয়া হচ্ছিল। নির্দিষ্ট সময়ে তথ্যকেন্দ্রের সামনে এসে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীও অংশ নেন।নতুন বই: শিশু-কিশোরদের অনেককেই গতকাল প্রথমা প্রকাশনের স্টলে তাদের প্রিয় লেখক রকিব হাসানের বই হাইপারসনিক রহস্য সংগ্রহ করতে দেখা গেল। কিশোর-মুসা-রবিন এ তিন গোয়েন্দাকে নিয়ে লেখা বইটিতে আছে একটা টপ সিক্রেট অ্যারোপ্লেনের কথা, সময় নিয়ে বানানো একটি মাত্র প্লেনে পরীক্ষামূলকভাবে যাত্রা করে ওরা।রকিব হাসানের আরও তিনটি বই জলাভূমির আতঙ্ক, ভূতের দিঘি, ভয়ানক দুঃস্বপ্ন মেলায় এনেছে তাম্রলিপি।আবুল আহসান চৌধুরীর বাঙালির কলের গান মেলায় এনেছে বেঙ্গল পাবলিকেশনস। দুষ্প্রাপ্য, অজ্ঞাত ও নতুন তথ্যের আলোকে এ বইতে লেখক স্বর্ণযুগের শিল্পী-সুরকার-গীতিকার, রেকর্ড কোম্পানি এবং রেকর্ড-সংগীতের কথা বলতে গিয়ে গ্রামোফোন-নির্ভর সংগীত-সংস্কৃতির প্রামাণ্য আলেখ্য রচনা করেছেন।শুভাগত চৌধুরীর শিশু যেভাবে বেড়ে ওঠে সূচীপত্র মেলায় এনেছে। সজল আশফাকের স্বাস্থ্যবিষয়ক দুটি বই ওষুধ পথ্যি ডাক্তার বদ্যি অনন্যা ও সাত অসুখের সাতকাহন অন্যপ্রকাশ থেকে এসেছে।গতকাল মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ছিল ১৫০। এর মধ্যে মোরশেদ শফিউল হাসানের বুলবুল চৌধুরী তাঁর শিল্প অভিযান অক্ষর, কাদের সিদ্দিকীর কলাম সংকলন না বলা কথা অনন্যা, সৈয়দ মোহাম্মদ শাহেদের মৌখিক ঐতিহ্যে তুলনামূলক বিচার: বাংলা ও জাপানি অ্যাডর্ন, মোহাম্মদ হাননানের বাংলাদেশের অর্থনীতি অনিন্দ্য প্রকাশ, নাসির আলী মামুনের সাক্ষাৎকারবিষয়ক বই আহমদ ছফার সময় শ্রাবণ, আতাউর রহমানের রম্যরচনা সাত আর পাঁচে তেরো ঐতিহ্য, রফিকুর রশীদের উপন্যাস চার দেয়ালের ঘর অক্ষর, আহসান হাবীবের নীল ডাউনে ফার্স্টবয় শুভ্র প্রকাশ, জাহীদ রেজা নূরের পাঁচটি গোয়েন্দা উপন্যাসের সংকলন সনকা-শৌনকের গোয়েন্দাগিরি বিশ্বসাহিত্য ভবন, রণদীপম বসুর গল্পের বই টিপলু শুদ্ধস্বর, মোস্তফা মামুনের ক্রীড়াবিষয়ক বইটাচলাইন থেকে লাফ ঝাঁপ বিদ্যাপ্রকাশ গতকাল মেলায় এনেছে।মেলামঞ্চে: মেলামঞ্চে ‘শহীদুল জহির: কোথায় পাব তারে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ পড়েন প্রশান্ত মৃধা। মনজুরে মওলার সভাপতিত্বে আলোচনা করেন আনিসুল হক, সাদ কামালী ও শাহ্নাজ মুন্নী। মেলামঞ্চে আজ বিকেল চারটায় রয়েছে আলাউদ্দিন আল আজাদকে নিয়ে আলোচনা অনুষ্ঠান।