বাইরের দালাল ও ভেতরের কিছু লোক গলা কাটছে
যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের রেলওয়ে বিভাগে দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে বলেছেন, বাইরের দালাল ও ভেতরের কিছু লোক মিলে মানুষের গলা কাটছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই চক্র ভাঙা হবে।আজ শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার মিরেরগাঁও এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ৯ আগস্ট এবং এর আগে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের পাশে বেশ কিছু অজ্ঞাতনামা মানুষের লাশ উদ্ধারের ঘটনা সরেজমিনে দেখতে যান তিনি।ঈদ উপলক্ষে মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স রয়েছে। চাঁদাবাজি হলো যানজটের অন্যতম কারণ। তারা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ যোগাযোগমন্ত্রী জানান, ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে মানুষ হত্যার ঘটনা খতিয়ে দেখতে রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, রেলওয়ের এডিজি মো. শাহজাহান ও রেলওয়ে পুলিশের ডিআইজি সোহরাব হোসেন। তদন্ত দলকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী। এর আগে যোগাযোগমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনায় কাগজপত্রবিহীন এক চালককে ধরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী পরে জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শন করেন। এ সময় তিনি জয়দেবপুর রেলস্টেশনের বিশ্রামাগার রেল পুলিশের ব্যবহার এবং স্টেশনের চারপাশে অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া স্টেশনের পানি সমস্যা সমাধানের জন্য ১৫ দিনের মধ্যে একটি গভীর নলকূপ স্থাপনের নির্দেশ দেন। এ সময় মন্ত্রী যাত্রীদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং স্বল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীর সঙ্গে সড়ক ও রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।