হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ
বাইরের প্রতিষ্ঠানকে চায় সিভিল এভিয়েশন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বাইরের প্রতিষ্ঠানকে দিতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। বিষয়টি ‘জরুরি ভিত্তিতে বিবেচনা’ করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপের জন্য গত মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।দেশের প্রধান এই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু থেকে করে আসছে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার বিমানের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) আকস্মিক ধর্মঘটে সাত ঘণ্টা অচল ছিল বিমানবন্দরটি। এ সময় গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ থাকায় দেশি-বিদেশি সব বিমান সংস্থার ফ্লাইট আটকা পড়ে। চরম দুর্ভোগের মুখে পড়ে যাত্রীরা।ওই দিনই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বাইরের কোম্পানিকে দেওয়ার প্রস্তাব গ্রহণ করে তা মন্ত্রণালয়ে পাঠায়।নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বছরে প্রায় ৩০০ কোটি টাকার এই ব্যবসা পেতে এ কাজে অনভিজ্ঞ একটি গোষ্ঠী কয়েক মাস ধরে তৎপরতা চালাচ্ছিল। গোষ্ঠীটি বর্তমান সরকারের আমলে সিভিল এভিয়েশনের বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত। গত মঙ্গলবার বিমান শ্রমিক লীগের আহূত ধর্মঘটে সৃষ্ট অচলাবস্থাকে কাজে লাগিয়ে ওই দিনই জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়ে একই দিন তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই সিদ্ধান্তের যৌক্তিকতা সহজে সরকারের নীতিনির্ধারকদের বোঝানোর জন্য সুযোগটিকে বেছে নেওয়া হয়েছে বলে বিমানের সূত্রগুলো দাবি করেছে।মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো সিভিল এভিয়েশনের এ-সংক্রান্ত চিঠিতে বিমানকর্মীদের ধর্মঘটের কারণে উদ্ভূত পরিস্থিতি বর্ণনা করে বলা হয়, এ রকম জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থার ফ্লাইট পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন গ্রাউন্ড হ্যান্ডলিং নিশ্চিত করতে এ কাজ বাংলাদেশ বিমান ছাড়াও ‘অন্যান্য এজেন্সিকে’ দেওয়ার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন বলে কর্তৃপক্ষ মনে করে।জানতে চাইলে বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমার হাত দিয়ে যদি কিছু হয়, তা অবশ্যই স্বচ্ছ হবে।’গতকাল বুধবার বিমানবন্দরে একটি অনুষ্ঠানে এই চিঠি দেওয়ার বিষয়ে কথা হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি ও রেগুলেশন) উইং কমান্ডার এস এম নাজমুল আনামের সঙ্গে। তিনি বলেন, ‘কে কাজ পেল না-পেল, তা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এভাবে দেশের প্রধান বিমানবন্দরকে জিম্মি হতে দেওয়া যায় না।’সিভিল এভিয়েশনের এই সিদ্ধান্ত বাংলাদেশ বিমানের কর্মীদের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিমানের একাধিক কর্মকর্তা বলেন, এই খাতের আয় দিয়ে বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা উঠে আসে। গত অর্থবছরে এই খাত থেকে বিমানের আয় হয় ২৬৫ কোটি টাকা। প্রতিবছরই দেশি-বিদেশি বিভিন্ন বিমান সংস্থা এ দেশে ফ্লাইট পরিচালনায় যুক্ত হচ্ছে, অনেকে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। ফলে প্রতিবছরই এই গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবসায় লাভ বাড়ছে। ভবিষ্যতে এই খাত থেকে বিমানের আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০০ কোটি টাকা।এসব কর্মকর্তার মতে, দেশের প্রধান বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ অন্য কোনো কোম্পানিকে দেওয়াটা শুধু বিমানের জন্যই ক্ষতি বয়ে আনবে না, এ ধরনের উদ্যোগ জাতীয় স্বার্থেরও পরিপন্থী। জাতীয় নিরাপত্তার বিবেচনায় বিমানবন্দর খুব গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই বিমানবন্দরের অভ্যন্তরে এ ধরনের কাজে বাইরের কাউকে নিয়োগ দেওয়ার আগে ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখা দরকার বলে তাঁরা মনে করেন।অবশ্য এ কাজে ৩৮ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিমানের সেবার মান নিয়েও প্রশ্ন আছে। আছে অনেক অভিযোগও। দরকারি সরঞ্জাম কেনা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি আছে তাদের।এসব স্বীকার করেই বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এই ঘাটতির জন্য দায়ী রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া অদক্ষ নীতিনির্ধারণী কণর্তৃপক্ষ। সেটা ঠিক করলে বাকি সব সেবা ঠিক করা কঠিন কোনো কাজ নয়। তা ছাড়া, গত মঙ্গলবার কর্মীরা যে ধর্মঘট করেছেন, তা আলাপ-আলোচনায় সমাধানযোগ্য ছিল। ওই দিন বিমানমন্ত্রীও সাংবাদিকদের বলেছেন, ‘আজ যে সমঝোতা হয়েছে, এটা আগের দিনও হতে পারত।’সূত্রগুলো জানায়, বিপুল আয়ের কাজটি পেতে এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুবাইভিত্তিক একটি কোম্পানি সক্রিয় হয়ে ওঠে। তখন এর পুরোধা ছিলেন বিএনপি সরকারের সাবেক এক মন্ত্রীর নিকটাত্মীয়। তখন গণমাধ্যমে লেখালেখি হলে ওই প্রচেষ্টা ভেস্তে যায়। এরপর ২০১০ সালে প্রভাবশালী একটি ব্যবসায়িক গোষ্ঠী তৎপরতা চালায়। তখন গণমাধ্যমে এই তৎপরতার খবর ফাঁস হলে, তা আর এগোয়নি। বিশেষজ্ঞদের মতে, জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট দেশের প্রধান বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ সরকার-নিয়ন্ত্রিত কোম্পানি বা সংস্থার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানকে দিলে, সে ক্ষেত্রে ঝুঁকির দিকটি বিবেচনায় রাখতে হবে। এই কাজের জন্য বাইরের কোম্পানির নিয়োজিত কর্মীরা বিমানবন্দরের প্রতিটি স্পর্শকাতর স্থানে অবাধে যাতায়াত করতে পারবেন। কারণ এ দেশে চলাচলকারী প্রতিটি এয়ারলাইনসের মালামাল ওঠানো-নামানো, ট্রাফিক-সংশ্লিষ্ট কাজসহ সবই তখন তারা করবে।