বাইশে পা রাখল এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছরে পা রাখল জনপ্রিয় ব্যান্ড এলআরবি (লাভ রানস ব্লাইন্ড)। আজ ৫ এপ্রিল এলআরবির ২২তম জন্মদিন। এ প্রসঙ্গে এলআরবির দলপ্রধান আইয়ুব বাচ্চু জানিয়েছেন, ‘গত বছর বড় আয়োজনের মধ্য দিয়ে এলআরবির জন্মদিন নিজেদের উদ্যোগে পালন করেছি। এ বছর দেশের চ্যানেলগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা সারা দিন দেশ-বিদেশের ভক্ত-শ্রোতাদের সঙ্গে আড্ডা দিচ্ছি।’আইয়ুব বাচ্চু বলেন, ‘দেশ-বিদেশে এলআরবির অসংখ্য ভক্ত-শ্রোতা রয়েছে। আমরা তাই চেয়েছি এবারের জন্মদিনটা তাঁদের সঙ্গেই থাকার। এতে করে আমাদের সফলতা-বিফলতার পাশাপাশি প্রত্যাশার কথাও সবার সঙ্গে শেয়ার করতে পারলাম।’এবারের জন্মদিন উপলক্ষে এলআরবি আজ বৃহস্পতিবার দুপুরের আগ পর্যন্ত বাংলাভিশন ও চ্যানেল আইয়ের দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছে। এবারের জন্মদিনে চারটি স্যাটেলাইট টিভি চ্যানেলে সরাসরি হাজির হচ্ছেন ব্যান্ডের সদস্যরা। আজ বিকেলে অংশ নিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি বিশেষ টক শোতে।প্রতিটি অনুষ্ঠানে তাঁরা গান-গল্প আর আলোচনায় নিজেদের ফেলে আসা ২১ বছরের সফলতা আর ব্যর্থতার কথা জানাবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুষ্ঠানের পর এলআরবির সদস্যরা রাত ১১টায় যোগ দেবেন এনটিভির একটি বিশেষ মিউজিক্যাল শোতে।এদিকে ২২ বছরে পা রাখা উপলক্ষে এলআরবি নিজেদের পুরোনো ওয়েবসাইটটিকে নতুন করে সাজিয়েছে। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘আজ আমরা এই ওয়েবসাইটটি আমন্ত্রিত বন্ধুদের দিয়ে ওপেন করব। এখানে এলআরবির ভক্তরা আমাদের সব গান শুনতে পারবেন। তবে গানগুলো ডাউনলোড করতে পারবেন না। শুধু তা-ই নয়, এই সাইটে এখন থেকে আমরা আমাদের অপ্রকাশিত গানগুলোও শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেব।’আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘আমরা আজ যৌবনে পা রেখেছি। তাই আজ আমাদের জন্মবার্ষিকীটা উত্সর্গ করলাম সকল যুবক-যুবতীদের প্রতি। একই সঙ্গে সবাইকে এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’উল্লেখ্য, আশির দশকের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এ টানা ১০ বছর গিটার বাজানোর পর ১৯৯১ সালের ৫ এপ্রিল এসে আইয়ুব বাচ্চু ‘এলআরবি’ ব্যান্ড গঠন করেন। ১৯৯২ সালে সেলফ টাইটেল নিয়ে প্রথমবারের মতো জোড়া অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে অডিও এলআরবির যাত্রা শুরু হয়।শুরু থেকে এ পর্যন্ত ব্যক্তিগত কারণে এলআরবি ছেড়েছেন জয়, মিল্টন আকবর, সুমন, এসআই টুটুল ও রিয়াদ।এলআরবির বর্তমান লাইনআপ হচ্ছে আইয়ুব বাচ্চু (প্রধান কণ্ঠ ও লিড গিটারিস্ট), স্বপন (বেজ গিটারিস্ট), মাসুদ ( গিটার ও ব্যাক ভয়েজ) এবং রোমেল (ড্রামস)।এলআরবির উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছেসুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), স্বপ্ন (১৯৯৬), ফেরারি মন (১৯৯৬), আমাদের বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নাই (২০০৫) ও স্পর্শ (২০০৮)। এলআরবির মুক্তিপ্রতীক্ষিত অ্যালবামটির নাম যুদ্ধ।