বাইসাইকেল বালিকাদের গল্প
পিচঢালা সরুপথ। সেই সরুপথ ধরে সাইকেল নিয়ে ছুটে চলেছে একদল কিশোরী। চোখে স্বপ্ন আর ইচ্ছাপূরণের প্রবল আত্মবিশ্বাসের জোরে বহু প্রতিকূলতা মাড়িয়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলমারহাট গ্রামের খেতের মধ্য দিয়ে গেছে এই পথ। পরনে সাদা ও গাঢ় সবুজ রঙের স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ আর মুখে অমলিন হাসি নিয়ে বাইসাইকেলে প্যাডেল মেরে তিন শতাধিক ছাত্রী প্রতিদিন আশপাশের আট থেকে দশ কিলোমিটার পথ পেরিয়ে যখন স্কুলে পৌঁছায়, তখন অনেকেরই ক্লাস শুরু হয়ে যায়। যেতে যেতে পথে আছে বখাটেদের উৎপাত, যানজট, দুর্ঘটনার আশঙ্কা—সর্বোপরি মেয়ে বাড়ি না ফেরা পর্যন্ত মায়েদের দুশ্চিন্তা। তবু থেমে নেই তাদের সাইকেলে প্যাডেল মারা। চৈত্রের খাঁ খাঁ রোদ ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার আলো নিতে তারা প্রতিদিন এতটা পথ পাড়ি দিয়ে হাজির হয় বোদা উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। মনিষা, তিথি, রোজিনা, সাবিনা, সীমা, পারভীন, পিয়ারা, রশিদা, রুনা, সমাপ্তি, অনা, নূপুর, সান্ত্বনা, সেলিনা। তাদের সবার বাড়ি একই এলাকায়। স্কুল থেকে আট-দশ কিলোমিটার দূরে। গাঁয়ের কাঁচাপাকা সড়ক দিয়ে যখন তারা লাইন ধরে স্কুলে যাতায়াত করে, তখন সবাই একনজর সে দৃশ্য না দেখে পারে না। এমন দৃশ্য কয়েক বছর আগেও দেখা যায়নি। মেয়েদের সাইকেল চালানো সমাজপতিরা বাঁকা চোখে দেখত। সে মনোভাব বদলে গেছে।উপজেলার সিপাইরকামাত গ্রামে বসবাস করে অষ্টম শ্রেণীর ছাত্রী সীমা রায়। তার মা কৃষ্ণা রানী জানান, অনেক কষ্ট করে মেয়েদের পড়াশোনার খরচ জোগাড় করতে হয়। তাঁর স্বামী প্রান্তিক কৃষক। অনেক কষ্টে মেয়েকে সাইকেল কিনে দিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘এই অজপাড়াগাঁয়ে আমাদের মেয়েরা বাইসাইকেল চালিয়ে স্কুলে যায়। যেখানে দূর-দূরান্ত থেকে স্কুলে যেতে চায় না অধিকাংশ ছেলে, সেখানে মেয়ে হয়ে তারা সাইকেল নিয়ে এতদূর পথ পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করে।’ অথচ ওদেরকে অনেক কথাও শুনতে হয়।কৃষ্ণা রানীর বাড়ির কাছাকাছি আরও ১৫-২০টি পরিবারের স্কুলপড়ুয়া মায়েদের সঙ্গে কথা হয়। সবাই তাঁদের মেয়েদের নিয়ে গর্ববোধ করেন। সীমার বান্ধবী অষ্টম শ্রেণীর ছাত্রী রোজিনা আকতারের ঝটপট উত্তর, ‘সাইকেল চালিয়ে পড়াশোনা করে প্রকৌশলী হতে চাই।’ কৃষ্ণা হতে চায় চিকিৎসক। সপ্তম শ্রেণীর ছাত্রী নূরি আকতার হতে চায় সেনা কর্মকর্তা। কারও মা, কারও বাবা কৃষিকাজ করেন, আবার কেউবা দিনমজুর। সঞ্চয় সমিতি থেকে কিস্তিতে টাকা নিয়ে মেয়েদের পড়াশোনা ও যাতায়াতের জন্য কিনে দিয়েছেন বাইসাইকেল।তাঁরা জানান, প্রথম যে ছাত্রীটি ওই এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে স্কুলে গিয়েছিল, তার নাম শিখা রানী। এখন তার পথ অনুসরণ করে শিরিন, গোলাপী, খাদিজা, জবা, রুনা, নূপুরসহ অসংখ্য মেয়ে উপজেলার প্রত্যন্ত এলাকা কুমারপাড়া, সেনপাড়া, চেতনাপাড়া, বানিয়াপাড়া, মীরপাড়া, বালাভীড়, চন্দনবাড়ী, মাঝগ্রাম, তেলীপাড়া, শমসেরনগর, ডাঙ্গাপাড়া এলাকা থেকে স্কুলে আসে বাইসাইকেল চালিয়ে। তারা বলে, বাইসাইকেল চালানো না জানলে হয়তো বা লেখাপড়া বন্ধ হয়ে যেত। তারা পড়তে চায়।দশম শ্রেণীর (ভোকেশনাল) ছাত্রী আঁখি বলে, ‘সাইকেল চালাতে পারি বলেই আজ দশম শ্রেণীতে পড়ছি। নয়তো লেখাপড়া বন্ধ হয়ে যেত। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত বাবদ ৪০-৫০ টাকা খরচ করা কৃষক বাবার পক্ষে সম্ভব ছিল না।’এই স্কুলে ভোকেশনাল পড়ার সুযোগ থাকায় পাশের ঠাকুরগাঁও জেলার দেবীপুর, আউলিয়াপুর, মুন্সীরহাট ও ডাঙ্গাপাড়া এলাকার মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে আসে।ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রাম থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসে জবা রানী। সে বলে, ‘আমার চাচা ও এলাকার মুরব্বিদের নিষেধ সত্ত্বেও আমি সাইকেল চালিয়ে স্কুলে আসা-যাওয়া করছি। নবম শ্রেণীর ছাত্রী সরলা রানী বলে, ‘বাবার সংসার চালাইতে খুব কষ্ট হয়। তিনি যাতায়াত খরচ দিয়া পড়াইতে পারতেন না। তাই সাইকেল দিয়ে স্কুলে আসি।’ অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিনা ইয়াসমিন আট কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে। সাবিনা বলে, ‘বাড়ির পাশে স্কুল আছে। ভালো স্কুলে পড়ালেখা করতে হলে তো কিছু কষ্ট করতেই হবে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, ‘প্রথম দিকে গ্রামের মানুষ মেয়েদের সাইকেল চালানোর বিষয়টি ভালো চোখে দেখত না। তবে এখন আর সমস্যা হয় না। বাধ্য হয়ে স্কুলে সাইকেল গ্যারেজ নির্মাণ করেছি।’ জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, ‘জেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছে। তারা প্রশংসার দাবিদার। আমাদের মেয়েরাও এগিয়ে যাচ্ছে, এটা দেখে ভালোই লাগে।’