বাউফলে আগুনে পুড়েছে ২০০ দোকান
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরে গতকাল শুক্রবার রাতে আগুনে পুড়ে গেছে প্রায় ২০০ দোকান। আহত হয়েছেন অন্তত ২৫।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে কালিশুরী বন্দরের হারুন মেকারের দোকানে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পটুয়াখালী ও আমতলীর ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেন। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০০ দোকানের মালামাল পুড়ে যায়। আগুন লাগার পর আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এতে অন্তত ২৫ জন আহত হন।কালিশুরী বন্দরের মুদিব্যবসায়ী মিন্টু মালি কাঁদতে কাঁদতে বলেন, ‘জীবনের সব উপার্জন ব্যবসায় খাঁটিয়েছি। সব শেষ হয়ে গেল।’বাউফল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি দলের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে প্রথম আলো ডটকমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে যা জানা গেছে, তাতে ১০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।