বাউফলে আলু নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার কৃষক অসিত চন্দ্র নিজের ও অন্যের জমি মিলিয়ে এ বছর ১১ হেক্টর জমিতে আলু চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু আলু বিক্রি করতে গিয়ে আশানুরূপ দাম না পাওয়ায় তিনি হতাশ। কারণ এখানে আলুর সংরক্ষণাগার না থাকায় মহাজনেরা আলুর দাম বাড়াচ্ছেন না। তাই বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। এ অবস্থায় হাজার হাজার মণ আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।অসিত চন্দ্র বলেন, ‘নানা প্রতিকূলতার কারণে গত বছর আলুর ফলন কম হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে এ বছর চড়া দামে বীজ কিনে আলু চাষ করেছি। এবার লাভ ভালো হওয়ার কথা। কিন্তু বাজারে আলুর দাম কম। প্রতি হেক্টর জমিতে বীজ, সারসহ সব মিলিয়ে অন্তত ৮৫ হাজার টাকা খরচ হয়েছে। সেই হিসাবে ১১ হেক্টর জমিতে উৎপাদন খরচ হয়েছে নয় লাখ ৩৫ হাজার টাকা। এক হেক্টর জমিতে ১৫ হাজার কেজি হিসেবে অন্তত এক লাখ ৬৫ হাজার কেজি আলু উৎপন্ন হবে। মহাজনেরা প্রতি কেজি সাত টাকা করে কিনে নিচ্ছেন। সে হিসাবে বিক্রি হবে ১১ লাখ ৫৫ হাজার টাকা। এতে লাভ হবে দুই লাখ ২০ হাজার টাকা। বাজারজাতকরণ ও জমির ভাগীদারদের দিয়ে সামান্য কিছু লাভ থাকবে।’এলাকার চাষি আমির হোসেন ও কার্তিক সাহা জানান, বাউফলের কালাইয়া এলাকায় আলুর চাষের উপযোগী মাটি রয়েছে। ভালো ফলন হয় বলে আগ্রহ নিয়ে চাষিরা আলু চাষ শুরু করেন। এবার তাঁরা বিএডিসি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলুবীজ সংগ্রহ করেছেন। কার্ডিনাল (লাল) ও ডায়মন্ড (সাদা) জাতের বীজ বেশি ব্যবহার করা হয়েছে। ফসলও বাম্পার হয়েছে। এই অঞ্চলে হিমাগার না থাকায় চাষিরা বাধ্য হয়ে মুন্সিগঞ্জ থেকে আসা ব্যবসায়ীদের কাছে কম দামে আলু বিক্রি করে দেন। ৮০ কেজির এক বস্তা আলু বর্তমানে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁদের দাবি, এই এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে আলু সংরক্ষণাগার নির্মাণ করা হোক।কাঠপট্টি এলাকার ব্যবসায়ী বাবুল মিয়া, বিক্রমপুরের তালতলার আদম আলী, আনসার মুন্সি ও আলম ব্যাপারি জানান, তাঁরা প্রতিবছরই বাউফলে আসেন আলু কিনতে। বাউফলের কালাইয়া এলাকার আলুর ফলন ভালো হয়। যোগাযোগব্যবস্থা ও হিমাগার না থাকায় আলুর দাম এখানে একটু কম। তাই তাঁরা এখান থেকে আলু কিনে মুন্সিগঞ্জে নিয়ে হিমাগারে রেখে পরে বিক্রি করেন। বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক জানান, এ বছর উপজেলায় ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৩৭৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় বিগত কয়েক বছরের চেয়ে এবার আলু ভালো হয়েছে। এ বছর প্রায় সাড়ে সাত হাজার মেট্রিক টন আলু উৎপন্ন হবে। তবে এলাকায় হিমাগার না থাকায় আলুচাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না।’