বাউফলে নকল ওষুধ বিক্রির সময় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকায় নকল ওষুধ বিক্রির সময় মো. ইমরান কবির ওরফে ইমন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বাংলাবাজার এলাকার মায়ের দোয়া ফার্মেসিতে গতকাল বুধবার রাতে নকল ওষুধ বিক্রির সময় স্থানীয় জনতা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে স্কয়ার কোম্পানির ‘ফিল ওয়েল গোল্ড’-এর নকল ওষুধ মায়ের দোয়া নামে একটি ফার্মেসিতে বিক্রি করতে যান ইমন। ফার্মেসির মালিক মো. হাফিজুর রহমান খোকনের সন্দেহ হলে মুঠোফোনের মাধ্যমে তিনি বিষয়টি স্কয়ার কোম্পানির বাউফলের প্রতিনিধি মো. সাহাবুদ্দিন ও মো. কামরুজ্জামানকে জানান। পরে নকল ওষুধের ব্যাপারে স্কয়ারের প্রতিনিধিরা নিশ্চিত হলে ইমনকে স্থানীয়দের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কামরুজ্জামান গতকাল রাতেই বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।স্কয়ারের প্রতিনিধিরা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে নকল ওষুধ বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফার্মেসির মালিক জানান, এখন অভিযান চালালে অধিকাংশ ফার্মেসিতে নকল ওষুধ পাওয়া যাবে। তারাও ওই চক্রের সঙ্গে জড়িত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ জানান, শিগগিরই নকল ওষুধের ব্যাপারে অভিযান করা হবে।বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ইমনকে গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালীর আদালতে পাঠানো হয়েছে।জানা গেছে, ইমন উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামের শাখাওয়াত হোসেন মুন্সির ছেলে।