বাউফলে বখাটের পিটুনিতে স্কুলছাত্রী আহত
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামে উত্ত্যক্তকারীর পিটুনি ও দায়ের আঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে। ওই স্কুলছাত্রী নবম শ্রেণীতে পড়ে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। উত্ত্যক্তকারীর নাম পাভেল (১৭)। গুরুতর আহত ওই ছাত্রীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত স্কুলছাত্রী জানায়, প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে পাভেল তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। একপর্যায়ে সে প্রেম নিবেদনও করে। সাড়া না পেয়ে পাভেল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে নানাভাবে হুমকি দেয়। আজ সকালে স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। সড়কে ওঠার পর পাভেল ও তার কয়েকজন বন্ধুবান্ধব ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্রীর পথরোধ করে। পাভেল ধারালো দায়ের উল্টো পিট দিয়ে ছাত্রীকে পিটাতে শুরু করে। ছাত্রীর চিত্কারে নানি সুরাইয়া বেগম তাকে বাঁচাতে ছুটে আসে। এ সময় পাভেল নানিকেও পিটাতে থাকে। স্থানীয় লোকজন ছুটে এলে পাভেল ও তার দলবল ছাত্রীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ছাত্রীর বাবা আবদুর ছত্তার দুয়ারী বলেন, ‘যারা আমার মেয়েকে এভাবে পিটাল,তাদের শাস্তি চাই। ’বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাভেল ও তার সাঙ্গপাঙ্গদের খুঁজে বের করা হবে।