বাউফলে মাটির ফাটল দিয়ে গ্যাস উদ্গিরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রামে মাটির ফাটল দিয়ে গ্যাস উদিগরণ হচ্ছে। গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় পাশেই গভীর নলকূপের পানি আনতে গেলে কুপিবাতি মাটিতে রাখতেই পাশের ফাটলের অংশ আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। গ্রামের রাজ্জাক মৃধা জানান, সন্ধ্যার দিকে তাঁদের বাড়ির রুনু বেগম কুপিবাতি জ্বালিয়ে গভীর নলকূপের পানি আনতে যান। কুপিবাতিটি মাটিতে রাখতেই মাটির ফাটল দিয়ে বের হওয়া গ্যাস দাউ দাউ করে জ্বলে ওঠে। ভয়ে তিনি চিৎকার দিলে বাড়ির ও এলাকার লোকজন ছুটে আসেন। তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসে গভীর নলকূপ স্থাপনের সময় ৪৫০ ফুট লোহার পাইপ ঢোকানোর পর আর ঢোকানো যায়নি। ফলে তা উঠিয়ে চার-পাঁচ ফুট দূরে নতুন করে গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু আগের গর্ত ঢাকা হলেও ফাটল থেকে যায়। এদিকে মাটির ফাটল দিয়ে গ্যাস উদিগরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার মানুষ ছুটে আসেন। আগুন এখনো জ্বলছে। বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন তালুকদার বলেন, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।