বাউফলে ১৫টি তাজা বোমা উদ্ধার
পুলিশ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রাম থেকে আজ শনিবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় ১৫টি তাজা বোমা উদ্ধার করেছে । পুলিশ জানায়, কালাইয়া ইউনিয়নের ২ নম্বর কালাইয়া গ্রামের বালা দাস নামের এক গৃহবধূ ঘরের পাশে খড়কুটো কুড়াতে গিয়ে পলিথিন ব্যাগে লাল ও কালো রংয়ের টেপে মোড়ানো গোল গোল অনেকগুলো বস্তু দেখতে পান। পরে দুপুর দুইটার দিকে বাউফল থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ১৫টি তাজা বোমা উদ্ধার করে।বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তিনি পরিত্যক্ত অবস্থায় ১৫টি বোমা উদ্ধার করেছেন। জর্দ্দার কৌটায় লাল ও কালো রঙের টেপ দিয়ে মোড়ানো বোমাগুলোর মধ্যে তিনটি বড় এবং ১২টি ছোট। বোমাগুলো এখন পানিতে রাখা হয়েছে। পুলিশ আরও জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কেউ বোমাগুলো এনেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কাল রোববার আদালতের অনুমতি নিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে।