বাউল নির্যাতনের মামলায় এক আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর গ্রামে বাউল সাধুদের চুল ও গোঁফ কেটে নির্যাতনের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মুফতি রিয়াজুল ইসলাম। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার উপাধ্যক্ষ। গত শুক্রবার রাতে উপজেলার বড় চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পাংশা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন শেখ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, মামলার পর থেকে মুফতি রিয়াজুল (৪০) পলাতক ছিলেন। বাড়ি ফেরার খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।চর রামনগর গ্রামে ৪ এপ্রিল বাউলসাধক মোহাম্মদ ফকিরের বাড়িতে বাউলসাধুদের দুই দিনব্যাপী অধ্যাত্ম সাধনার আসর ‘সাধুসঙ্গ’ শুরু হয়। দেশের বিভিন্ন স্থানের বাউলসাধকেরা ওই আসরে অংশ নেন। তাঁদের এসব কাজ অনৈসলামিক অজুহাত তুলে ৫ এপ্রিল স্থানীয় একদল দুর্বৃত্ত ২৮ জন বাউলসাধুকে ধরে স্থানীয় মসজিদে নিয়ে তওবা পড়িয়ে চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনায় সাধক মোহাম্মদ ফকির ওই দিন সন্ধ্যায় পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ সাধারণ ডায়েরি হিসেবে তা অন্তর্ভুক্ত করে।১০ এপ্রিল মোহাম্মদ ফকির বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।অভিযোগ রয়েছে, ২৮ জন বাউলসাধককে ধরে স্থানীয় চর রামনগর জামে মসজিদে নিয়ে তওবা পড়ানোর পর মুফতি রিয়াজুল, মসজিদের ইমাম ফেলু কারি, ইউনুছ কারি প্রমুখ তাঁদের চুল ও গোঁফ কাটার ফতোয়া দেন। হরিণবাড়িয়া বাজার কমিটির সভাপতি আলিউজ্জমানসহ বেশ কয়েকজন যুবক দা ও কাঁচি দিয়ে বাউলদের চুল ও গোঁফ কেটে ওই ফতোয়া বাস্তবায়ন করেন। এ ছাড়া বাউলদের গানের যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়।বাউলদের ওপর নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। রাজধানীসহ অন্যান্য এলাকায় বিভিন্ন সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে নানা কর্মসূচি পালন করছে। মামলার আসামিদের শিগগির গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মুফতি রিয়াজুলকে গতকাল সকালে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।মানববন্ধন: রাজবাড়ীর পাংশায় বাউলদের চুল-গোঁফ কেটে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কবি মুহ. সামাদ. মুনীর সিরাজ, আসলাম সানী, তারিক সুজাত, আয়াত আলী পাটওয়ারী, এম আর মঞ্জু, নীপু সাহাদাত, মোস্তফা মজিদ, তাহমিনা কোরাইশী প্রমুখ। প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ কয়েকজন বাউলশিল্পীও অংশ নেন।