বাউল-ফকিরদের নিয়ে গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
গত শনিবার রাতে সিলেটের সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো বাংলাদেশের বাউল-ফকির পরিচিতি ও গান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এবারের একুশের গ্রন্থমেলায় প্রকাশিত সুমনকুমার দাশের এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান অতিথি গ্রন্থটিকে দেশের বিভিন্ন অঞ্চলের বাউল-ফকিরদের পরিচিতিমূলক লোকসাহিত্যের অনন্য এক দলিল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের অসামপ্রদায়িক চেতনাবোধ যে লোকজ সংস্কৃতির মধ্যে নিহিত, এ বই তারই একটি প্রামাণ্য দলিল। প্রচারবিমুখ স্বভাবের বাউল-ফকিরদের নিয়ে এ রকম একটি বইয়ের প্রয়োজন ছিল।’ শিক্ষামন্ত্রী ৭৮৪ পৃষ্ঠার বইটি রচনা করতে গিয়ে লেখক যে শ্রম ও মেধা ব্যয় করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শুভেন্দু ইমাম। আলোচক ছিলেন কবি তুষার কর, তৌফিক রহমান চৌধুরী, মইনুদ্দিন আহমদ প্রমুখ।