বাউলদের নিগৃহীত করার প্রশ্নে হাইকোর্টের রুল
রাজবাড়ীর পাংশার চর রামনগর গ্রামে বাউল মেলায় বাউলদের নিগৃহীত করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। বাউলদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, তাঁদের মুক্তচিন্তা ও ধর্মীয় স্বাধীনতা কেন নিশ্চিত করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ধর্ম ও স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিআইজি ঢাকা রেঞ্জ, রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে নেওয়া আইনানুগ ব্যবস্থার প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, ৫ এপ্রিল রাজবাড়ির পাংশা থানাধীন চর রামনগর গ্রামে ফকির মো. আলী শাহের বাড়িতে বাউল মেলা হয়। সেখানে ২৮ জন বাউলকে নিগৃহীত করা হয়। মধ্যযুগীয় বর্বরোচিত কায়দায় জোর করে ধান কাটার কাস্তে ও দা দিয়ে বাউলদের চুল ও গোঁফ কাটা হয়। তাঁদের তওবা পড়ানো হয়। ফতোয়া জারি ও আদালত বসানোসহ তাঁদের শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর মহাবিদ্যালয়ের অধ্যাপক বেগম রেজিনা বানু রিট করেন। আজ শুনানি শেষে আদালত রুল জারি করেন। শুনানিতে মামলা পরিচালনা করেন আইনজীবী ওবাঈদ হোসেন।