সিলেটের নবশিখা নাট্যদলের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে সংগঠনটি আয়োজন করেছিল তিন দিনব্যাপী নাট্যোৎসব। গত ১২ মে সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটোরিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য। উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক সঞ্জয় নাথের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন নাট্যবক্তিত্ব সালাউদ্দিন লাভলু, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি নিরঞ্জন দে, শিশু একাডেমী সিলেটের সংগঠক মাহবুবুজ্জামান, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। পরে নবশিখা নাট্যদল গিউ নাটকটি মঞ্চায়ন করে।অনুষ্ঠানের দ্বিতীয় দিন সন্ধ্যায় ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় শিখণ্ডী কথা নাটকটি মঞ্চায়ন করে। আনন জামানের রচনায় ও রশীদ হারুনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ঢাকার প্রবীণ ও নবীন শিল্পীরা। হিজরা সমাজের কাহিনি নিয়ে রচিত নাটকটি ছিল সিলেটে ১০১তম প্রযোজনা।অনুষ্ঠানের শেষ দিনে ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায় ৫০তম সুবর্ণজয়ন্তী প্রযোজনা ছায়ানট নাটকটি মঞ্চায়ন করে। নাট্যপ্রেমীদের সুবিধার্থে বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় দুবার নাটকটির মঞ্চায়ন হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অংশ নেন আলী যাকের, পার্থ শাহরিয়ার, রওনক হাসান, তানিয়া, অরণ্য প্রমুখ। উৎপল দত্ত রচিত ও আলী যাকের নির্দেশিত নাটকটিতে বাংলা চলচ্চিত্র নির্মাণে নেপথ্যের ঘটনা তুলে ধরা হয়েছে। ওই দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, নৃপেন্দ্র সাহা ও নিজামউদ্দিন লস্কর।অনুষ্ঠানে প্রতিদিন গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য ও বাউল শিল্পী আবদুর রহমান।নবশিখা নাট্যদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি ধ্রুবজ্যোতি দে প্রথম আলোকে বলেন, ‘ঢাকার দুটি স্বনামধন্য নাট্যদল সিলেটে এসে নাটক মঞ্চায়ন করায় সিলেটের নাট্যপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দে-উচ্ছ্বাসে পরিবার-পরিজন নিয়ে নাটক দেখেছেন। অন্য সংগঠনগুলোর নাট্যোৎসবে এ ধরনের ভিড় খুব কমই লক্ষ করা গেছে। ভালোভাবে উৎসব শেষ হওয়ায় নাট্যকর্মীরা খুবই খুশি।’থিয়েটার বাংলার অনুনাটকথিয়েটার বাংলা সিলেট ১৫ মে সন্ধ্যা সাতটায় নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজের হলরুমে অনুনাটক আলোক তাপসী বিহঙ্গ মঞ্চায়ন করে। অপু কুমার সেনাপতি ও এমরান আহমেদের নাট্যভাবনায় নাটকটির সংলাপ, পরিকল্পনা ও নির্দেশনা দেন মোস্তাক আহমদ। এটি ছিল থিয়েটার বাংলার অষ্টম প্রযোজনা। স্টুডিও থিয়েটারের আদলে মঞ্চায়িত ব্যতিক্রমধর্মী এ অনুনাটক দেখতে অনেক নাট্যকর্মী ভিড় জমিয়েছিলেন।