বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক-উৎসবে জনতার ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদক ও প্রথম আলোর আজীবন সম্মাননাসহ আড়াই শতাধিক সম্মাননা পদক পাওয়া ভাটি অঞ্চলের গর্ব প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে ৫-৬ মার্চ দিরাই উপজেলার কালনীর কূলঘেঁষা বাউলসম্রাটের জন্মস্থান উজানদল গ্রামের মাঠে দুই দিনব্যাপী শিল্পী, রাজনীতিবিদ, সাংবাদিক ও গুণীজনদের মিলনমেলা বসেছিল। বাউলসম্রাটবিহীন লোক-উৎসবে জনতার ঢল দেখে অনেকেই মন্তব্য করেন, মৃত করিম জীবিত করিমের চেয়ে শক্তিধর।উজানদলের সবুজ মাঠভর্তি ভক্তদের উপস্থিতিতে লোক-উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাড়ে চার বছরের ছোট্ট শিশু বাউলসম্রাটের নাতি শাহ নূর আলম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর আসনের সাংসদ মতিউর রহমান, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, বাংলা একাডেমীর পরিচালক গবেষক আবদুল ওয়াহাব, সায়েম রানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ফয়জুর রহমান প্রমুখ।অতিথির বক্তব্যে সাংসদ মতিউর রহমান বাউলসম্রাটের স্মৃতিচারণা করে বলেন, ভাটির পাড়াগাঁয়ে জন্ম নিয়ে শাহ আবদুল করিম নিজ কর্মনিষ্ঠা ও অধ্যবসায় দিয়ে রাখালবালক থেকে বাউলসম্রাটে পরিণত হয়েছেন। তিনি ভাটি এলাকাকে বহির্বিশ্বে পরিচিত করেছেন। গবেষক আবদুল ওয়াহাব বলেন, শাহ আবদুল করিম গরিব-দুখি ও খেটেখাওয়া মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দুঃখ-যন্ত্রণাকে গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শোষক ও শোষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ছিলেন শোষিত শ্রেণীর মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ।সায়েম রানা বলেন, শুধু বাউল করিমকে শ্রদ্ধা জানাতে সুদূর ঢাকা থেকে এখানে এসেছি। তাঁর হূদয়স্পর্শী গান আজীবন বাঙালি জাতিকে সত্য ও সংগ্রামের প্রেরণা জোগাবে।বাউলসম্রাটের ভাগনে আবদুল তুয়াহেদ বলেন, ‘মামা ছাড়া এবারই আমরা লোক-উৎসব করলাম। লোক-উৎসবে মানুষের উপস্থিতি দেখে মনে হয়, মামা আজীবন মানুষের মনের মাঝে বেঁচে থাকবেন।’স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কালনীর কালো জল আর ভরাম হাওরের ঢেউ রাখালবালক আবদুল করিমকে বাউলসম্রাটে পরিণত করেছে। তাঁর অবদান জাতি কখনো ভুলবে না। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতার সংগ্রামসহ জাতির দুর্দিনে তাঁর মর্মস্পর্শী গান জাতিকে প্রেরণা জোগাবে।