বাউলসম্রাটের গানের সঙ্গে নাচের মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় ‘কোন মেস্তরি নাও বানাইল...’ গানের সঙ্গে নৃত্য করেছেন বিপুল শর্মা, বর্ষণ, কবির, জসিম আর দুর্জয়। দর্শকেরা মোহাবিষ্ট হয়ে নৃত্যশিল্পীদের পরিবেশনা উপভোগ করলেন। এ রকম নৃত্য আর গানে সিলেটে হয়ে গেল বাউলসম্রাট-বন্দনা।গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শাহ আবদুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান-নৃত্য-কথায় বাউলসম্রাটকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুর রহমান, রণেশ ঠাকুর, লাভলী দেব, শামীম আহমদ, মিতালী চক্রবর্তী, লিংকন দাস, দীপিকা দেব প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নীলাঞ্জনা দাশ, নীপা, সোনিয়া, ফাম্মি, দৃষ্টি, সাদিয়া প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনিন্দিতা দাশ।সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে বাউলসম্রাটের স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে আলোচকের বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, সংগীতজ্ঞ রামকানাই দাশ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম ও বাউলসম্রাটের একমাত্র ছেলে গীতিকার শাহ নূরজালাল। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নান।স্মরণসভায় বক্তারা বলেন, শাহ আবদুল করিম ছিলেন স্বশিক্ষিত একজন মানুষ। বাল্যকালে নৈশ বিদ্যালয়ে মাত্র আট দিনের পড়াশোনা সম্বল করে তিনি জীবন-জগৎ-ব্যক্তি-সমাজ সম্পর্কে, মানুষের ভবিষ্যৎ এবং মানুষের সব ধরনের সংকট সম্পর্কে জ্ঞান অর্জন করে লোকায়ত দার্শনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মানুষের শ্রেয়োচিন্তায় তিনি সদা মগ্ন থাকতেন। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা বাউলসম্রাটের জীবন-কর্ম সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। তবেই এ দেশে মৌলবাদ আর অসাম্প্রদায়িকতা কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।কাব্যগ্রন্থ প্রকাশ: কবি এ কে শেরামের নিবিড় পাঠ: প্রেমে-অপ্রেমে আছি, আছি দ্রোহী চেতনায় কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১ অক্টোবর অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ।অভিনয়-বিষয়ক কর্মশালা: গত ২৪ সেপ্টেম্বর সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দুই মাসব্যাপী প্রযোজনাভিত্তিক অভিনয়-বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে ওই দিন বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অভিনয়-বিষয়ক কর্মশালা ২০১০’-এর আহ্বায়ক খোয়াজ রহিম। সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর, পরিচালক ভবতোষ রায় বর্মণ, নির্দেশক ও ডিজাইনার ফয়েজ জহির, সংগঠনের সভাপতি সৈয়দ মনির হেলাল, কার্যকরি কমিটির সদস্য দেবব্রত চৌধুরী, মোস্তাক আহমদ, কমলজিৎ শাওন, ধ্রব জোতি দে প্রমুখ। কর্মশালায় সিলেটের ১৫টি নাট্যদলের মোট ৩৩ জন নাট্যকর্মী অংশ নিচ্ছেন।আলোকচিত্র প্রদর্শনী: সিলেট অডিটোরিয়ামে ১ অক্টোবর বেলা চারটায় সিলেট ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে চিত্র প্রদর্শনী এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক সিলেটের ক্লাস্টার ব্যবস্থাপক চৌধুরী তোফায়েল আহমদ, চিত্রগ্রাহক সাইফুদ্দিন চন্দন ও সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামউদ্দিন লস্কর।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম, চিত্রশিল্পী অরবিন্দু দাশগুপ্ত, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম, শিশুসংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, চিত্রগ্রাহক নিশিত পুরকায়স্থ, আবুল লেইস শামীম, মওদুদুল আলম প্রমুখ। প্রদর্শনীতে ৫৬টি আলোকচিত্র স্থান পায়।অলক বাপ্পার গানের অ্যালবাম: শিল্পী অলক বাপ্পার গ্যানের অ্যালবাম আছি ভালো তবু সাদাকালো প্রকাশিত হয়েছে। সব কটি গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। অ্যালবামে নয়টি গানের মধ্যে কবি মমিনুল মউজদীনের লেখা ‘এ শহর ছেড়ে’ ও ‘সারা দিনের পরে’ শিরোনামের বহুল প্রচলিত দুটি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। অ্যালবামের অন্য গানগুলো লিখেছেন সেজুল হোসেন, হীরক ওয়াজেদ ও বাবর বখ্ত।