বাউলসম্রাটের জন্মবার্ষিকী উদ্যাপন
প্রতিদিন সন্ধ্যার পর স্থানটি নির্জন হয়ে পড়ে। কোনো কাজ ছাড়া সচরাচর এই পথে কেউ পা মাড়ান না। তবে গত বুধবার ছিল পুরোপুরি ব্যতিক্রম। শত শত মানুষ সন্ধ্যার পর থেকে ভিড় জমাতে শুরু করেন নগরের এই শাহি ঈদগাহ এলাকার সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।অসংখ্য মানুষের ভিড় একসময় মিলনমেলায় পরিণত হয়। এ মিলনমেলা ভাঙে মধ্যরাতে। আর এ সময়জুড়ে নাচে-গানে-কথায় চলে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের বন্দনা। বাউলসম্রাটের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিল প্রবীণ ও নবীন প্রজন্মের শিল্পীদের দ্বৈত পরিবেশনায় ব্যতিক্রমী গান ও নৃত্য।সন্ধ্যা সাড়ে সাতটায় আলোচনা সভা শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। আলোচক ছিলেন সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান, প্রবীণ বাউল আবদুর রহমান, মোস্তাক আহমাদ দীন, সুমনকুমার দাশ প্রমুখ।আলোচনা সভা শেষে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শাহ আবদুল করিমের গানবিষয়ক পক্ষকালব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞান বিতরণ করা হয়। পরে সিলেটের প্রবীণ বাউল আবদুর রহমান, শামীম আহমদ, ইকরাম উদ্দিন, শফিকুর রহমানসহ শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাউলসম্রাটের গান পরিবেশন করেন। এ পর্বে বিপুল শর্মার পরিচালনায় বাউলসম্রাটের নির্বাচিত গান নিয়ে বাংলা মায়ের ছেলে নামে গীতিনৃত্য পরিবেশিত হয়।এদিকে, প্রয়াত বাউলসম্রাটের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বেলা ১১টার দিকে বাউলের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলায় শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে ‘করিমগীতির আসর’ অনুষ্ঠিত হয়েছে।