বাউলসম্রাটের দেশে সংস্কৃতির বড় দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলা সমৃদ্ধ একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের এলাকা হিসেবে একসময় সুপরিচিত ছিল। এ এলাকার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। এখানে জন্ম নিয়েছেন বাউলসম্রাট শাহ আব্দুল করিম। যিনি তার লোকসংগীত দিয়ে বাংলাদেশ তথা বিশ্বের দরবারে দিরাইকে পরিচিত করেছেন। গানের শহর দিরাইয়ে নিয়মিত বসত গানের আসর। কিন্তু কালের পরিবর্তনে আজ বছরে একটি গানের আসরও এখানে বসে কি না সন্দেহ। জানা যায়, ২০ বছর আগে দিরাই শিল্পকলা একাডেমী চালু হয়েছিল। সে সময় সংগীতের ওস্তাদ ছিলেন প্রসন্ন কুমার দাস। তখনকার সময়ে নিয়মিত চলত সংস্কৃতি চর্চা। বর্তমানে রাজনৈতিক প্রভাব, পৃষ্ঠপোষকতার অভাব, পদ নিয়ে দলাদলির ফলে দীর্ঘদিন যাবত্ বন্ধ রয়েছে শিল্পকলা একাডেমী। এখন দিরাই উপজেলায় ১৮টি সাংস্কৃতিক সংগঠন থাকলেও হাতেগোনা দু-একটি ছাড়া বাকিগুলো সাইনবোর্ডসর্বস্ব। কালনী সাহিত্য সংস্কৃতি ও সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা জীবনানন্দ সূত্রধর বলেন, একসময় দিরাইয়ের শিল্পীরা বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়িতে গান গেয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। আজ আমাদের এ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কবি-সাহিত্যিক নীরেশ চন্দ্র রায় বলেন, বাউলসম্রাট শাহ আব্দুল করিমের দেশে আজ সংস্কৃতির বড় দুর্দিন চলছে। মুষ্টিমেয় কিছু স্বার্থপর লোকের কারণে শিল্পকলা একাডেমী আজ বন্ধ। আমরা লিখিতভাবে শিল্পকলা একাডেমী চালুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছি। শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আবু হানিফ চৌধুরী বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্বের নামধারী কিছু অর্থ ও পদ-লোভীদের কাছে আমাদের সংস্কৃতি আজ জিম্মি হয়ে আছে। শিল্পকলা একাডেমী বন্ধের সুযোগ কাজে লাগিয়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন নামে সংগীত একাডেমির সাইনবোর্ড লাগিয়ে টাকার খেলায় লিপ্ত রয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল হক বলেন, আমি এখানে নতুন এসেছি। ইতিমধ্যে কয়েকজন সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং শিল্পকলা একাডেমী পুনরায় চালু করার জন্য একটি লিখিত আবেদন দিয়েছেন। আমি অচিরেই দিরাইয়ের সব সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে বসব। শাহ আব্দুল করিমের স্মৃতিধন্য দিরাইয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।