বাউলের আউলা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বয়স এখন প্রায় চার কুড়ি দশ। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। সাঁইজির কথায় বলতে গেলে:দিনে দিনে হলো আমার দিন আখেরি \ আমি ছিলাম কোথা এলাম কোথা আবার যাব কোথা সদাই ভেবে মরি \বাল্যকাল খেলায় গেলযৌবনে কলঙ্ক হলোবৃদ্ধকাল সামনে এলোমহাকাল এসে করলো অধিকারী \এই তো অবস্থা! পারঘাটায় বসে আছি—কখন দয়ালচাঁদের নাও আসে সেই আশায়। আকুল হয়ে ডাকছি কখন তাঁর কৃপা হয়:পারে লয়ে যাও আমায়।আমি অপার হয়ে বসে আছিওহে দয়াময় \নাই আমার ভজনসাধনচিরদিন কুপথে গমননাম শুনেছি পতিতপাবনতাইতে দেই দোহাই \আমি একা রইলাম ঘাটেভানু সে বসিল পাটেতোমা বিনে ঘোর সংকটেনা দেখি উপায় \আগেকার নদীয়া জেলা—এখনকার জেলা কুষ্টিয়ার মীরপুর থানার অধীন অঞ্জনগাছি গ্রামে আমার জন্ম। মায়ের কাছে শুনেছি, বাংলা ১৩২৭ সনের ভাদ্র মাসে যে-বার বড় বন্যা সব গ্রামগঞ্জ ভাসিয়ে নিয়েছিল, সেই মহাদুর্যোগের কালে আমি হই। আমার বাপের নাম ঝুমুর আলী আর মায়ের নাম কুসুম। আমরা ‘জোয়ারদার’ বংশের লোক। জায়গাজমি বেশ ভালোই ছিল। আমরা ছিলাম সম্পন্ন গেরস্ত। বাপজান ঝুমুর আলী কৃষিকর্ম করতেন। পাশাপাশি গানবাজনাও ভালোবাসতেন। আর আমাদের অঞ্জনগাছি গ্রাম ছিল গানের গ্রাম। যাত্রাপালা, ভাসান, ধুয়োজারি, পদ্মাপুরাণ, গাজীর গীত—এসব গান হামেশাই হতো। সারা বছরই গানের আসর লেগে থাকত। তবে ফসল ওঠার পর চাষি-গেরস্তের কাজকামের অবসর মিলত, তখন জাঁকিয়ে এসব গানের আসর-বাসর বসত। তখন উৎসব-আনন্দে গ্রামের চেহারাটাই বদলে যেত।বাপজান ঝুমুর আলীর অন্তরে এক ধরনের উদাস ভাব ছিল—সেই কারণে বাপ-মা দুজনই কুষ্টিয়া শহরের কোলে উদিবাড়ী গ্রামের চিশতিয়া তরিকায় সাধক মনসুর শাহের কাছে দীক্ষা নেন। আর সেই সঙ্গে ছিল গান-বাজনার ঝোঁকও। ভাবগানের পাল্লায় অংশ নিতে গ্রামের বাইরেও নানা জায়গায় ডাক পড়ত তাঁর। পাল্লার গানে বাপজানের বেশ নাম-যশও ছিল। আমার মা-ও কিন্তু শুনে শুনে গান তুলতে পারতেন—গলাও ছিল বেশ ভালো। কিন্তু সেই সুর ওই বাড়ির ভেতরেই ঘোরাফেরা করত। একটু বড় হয়ে বাপজানের সঙ্গে গানের আসরে যাওয়া শুরু করলাম। তাঁর গানের সঙ্গে জুড়ি বাজাতাম। এ রকম করে গানের ওপর খুব মন বসে গেল। বলতে গেলে বাপজানই আমার গানের প্রথম গুরু—তাঁর কাছেই এ বিদ্যের হাতেখড়ি।অঞ্জনগাছি সেই সময়ে ছিল ছবির মতো গ্রাম। এর পাশ দিয়ে বয়ে যেত পারুল নামের ছোট্ট একটি নদী। অবশ্য এখন আর সেই নদী নেই—হেজেমজে শেষ হয়ে গেছে। তার ওপরে এখন ফসলের মাঠ। তো সেই পারুল নদী আমাকে খুব টানত। রোজই প্রায় পারুল নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম আর গুনগুন করে গান গাইতাম। এভাবে ধীরে ধীরে কখন যেন গানের মোহ আমাকে টেনে নিয়ে গেল ভিন্ন এক জগতে। এই অঞ্জনগাছি গ্রামেরই আবুল মকসুদ—সম্পর্কে আমার জ্ঞাতি-ফুপা—শব্দগানের ওস্তাদ গায়ক ছিলেন। তিনিই আমাকে হাতে ধরে ভাবগানের তালিম দেন। তখন থেকেই মনটা উড়ু উড়ু। গানের নেশায় ঘর ছাড়লাম সেই ১৬-১৭ বছর বয়সেই। গেলাম কুষ্টিয়ার দৌলতপুর থানার জগন্নাথপুরের তছের শাহ ফকিরের কাছে। বলা যায়, তছের শাহ ফকিরি গান শেখার কপিন এঁটে দিলেন ভালো করে। বেশ কিছুকাল ছিলাম তাঁর কাছে। তারপর এলাম ফকির বেহাল শাহের দ্বারে। তাঁর নিবাস ছিল আলমডাঙ্গা থানার ফরিদপুর গ্রামে। এখানে একনাগাড়ে থাকি বেশ কয়েক বছর। বেহাল শাহ একেবারে উজাড় করে দিলেন তাঁর গানের ভান্ডার। মহত্-মহাজন সাধু-গুরুর কাছে আমার যা কিছু কদরদানি তার মূলে বেহাল শাহ। এ কথা আমি দশমুখে বলব যে বেহাল শাহই আমার গানের প্রধান গুরু। অবশ্য আরও দু-চারজন সাধু-গুরুর কাছে সামান্য গানের শিক্ষা নিলেও বেহাল শাহই আমার গানের জগতের চক্ষুদানির গুরু।গান তো যা হোক শেখা হলো। ভাবগানের মধ্যে মন ডুবে গেল। এখন সাধনগুরুর খোঁজে পথে নামলাম। আমার বাপ-মা দুজনই বয়েত হয়েছিলেন উদিবাড়ীর মনসুর শাহ ফকিরের কাছে। আমিও প্রথমে এখানেই দাখিল হলাম। তারপর শুরু হলো পথে পথে ঘোরা—সাধুসঙ্গ করি আর পড়ে থাকি আখড়ায় আখড়ায়। মনটা শা হয় না। সব সময়ই মন কী যেন খুঁজে বেড়ায়। তখন আমার উঠতি বয়স—এই ২৫-২৬ বছর হবে আর কি। অবশেষে মনের মতো গুরুর সন্ধান মিলল সদর কুষ্টিয়ার হালসার কাছে শঙ্করদিয়া গ্রামে ফকির নিমাই শাহের ধামে এসে। নিমাই শাহ ছিলেন সতী মায়ের ঘরের সাধক-ফকির। তাঁর সঙ্গ-সান্নিধ্য আর বাক্য শুনে মনের বন্ধ জানালাগুলো সব খুলে গেল। এক মরমি আলোয় আলোকিত হয়ে উঠল অন্তরের অন্ধকার ভুবন। দীক্ষা নিলাম তাঁর কাছে। দুনিয়ার ফিকির ছেড়ে হলাম সাধনপথের ফকির। নিমাই শাহের গুরুপরম্পরার পরিচয় এবার নেওয়া যাক। নিমাই শাহের গুরু ছিলেন জেলা যশোরের মহেশপুর থানার নওদাগাঁও বুঝতলার অমূল্য শাহ, তাঁর গুরু কুষ্টিয়ার মীরপুর থানার মল্লিকপুরের পাঁচু শাহ, তাঁর গুরু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার বণ্ডবিল গ্রামের খুদু শাহ। খুদু শাহের গুরুর নামও জানতাম—কিন্তু এখন আর মনে পড়ছে না।বাউল-ফকিরের ঘর পাঁচটা: সতী মায়ের ঘর, লালন সাঁইয়ের ঘর, উজল চৌধুরীর ঘর, দেলবার শাহের ঘর আর পাঞ্জু শাহের ঘর। আমরা সতী মায়ের ঘরের ফকির, তবে অন্য ঘরের সঙ্গেও আমাদের সম্পর্ক আছে—ভাবের আদান-প্রদান—সাধুসঙ্গ হয়ে থাকে। লালনের ঘরই এখন সবচেয়ে বড় ঘর—তাঁর পদ-পদাবলিই সাধু-গুরু বাউল-ফকিরের কাছে সবচেয়ে প্রিয়। এই যে আমি, সতী মায়ের ঘরের ফকির হলেও প্রধানত লালনের গানই গেয়ে থাকি। সতী মায়ের ঘরের গানেরও অনেক নামকরা গায়ক ছিলেন। ঝিনাইদহের জহরদ্দি শাহ উজল চৌধুরীর ঘরকে আলোকিত করে রেখেছিলেন তাঁর গানের ভেতর দিয়ে। দেলবার শাহের ঘরের গান গাইতেন হালসার আকবর ফকির। পাঞ্জু শাহের গান সাধুমহলে অনেকেই গেয়ে থাকেন। আর লালন সাঁইজির গান তো সব আসর-বাসরে সবাই করে থাকেন।আমি এক ভবঘুরে ফকির। সেই যৌবনকালে ঘর ছেড়েছিলাম, বলতে গেলে এখনো পথে পথেই আছি—স্থায়ী ঠাঁই আর হয়নি। অবশ্য বাউলের আসল ঠিকানা তো সেই আলেক সাঁইয়ের ধাম। তো যা-ই হোক, জন্মগ্রাম অঞ্জনগাছি ছাড়ার পর বহু ঘাটের পানি খেয়ে প্রথমে নীলমণিগঞ্জের কাছে শর্ষেডাঙ্গায় আখড়া গড়ে তুলি। সেখান থেকে যশোরের বাঘারপাড়া থানার নলডাঙ্গা, তারপর যশোরের বারান্দিপাড়ায় প্রায় এক যুগ থাকি। অন্তরের তাগিদে আর গুরুর মায়ায় শঙ্করদিয়ায় গুরুবাড়িতেও কয়েক বছর বাস করি। আবার ফিরে যাই বারান্দিপাড়ায়। তারপর কুষ্টিয়ার চৌড়হাসে কিছুকাল থাকার পর আসি এখন যেখানে আছি— কুমারগাড়ার ক্যানালপাড়ার বস্তিতে। এখানেই একটা আখড়াবাড়ি করে সাধুভক্ত শিষ্য-শাবকদের নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই।একটা কথা এখানে বলে রাখি। বাউল-ফকিরদের মধ্যে কিন্তু নারী-পুরুষে কোনো বিভেদ নেই। পুরুষ ও প্রকৃতির যুগলসাধনেই তো সেই অধরাকে ধরতে হয়—মনের মানুষকে পাওয়া যায়। নারীর গুরুত্ব ও মর্যাদা তাই বাউলসাধনায় অনেক ওপরে। বাউল-ফকিরদের আদি গুরুও তো মাধব বিবি নামের এক মুসলমান নারী। রাসুল তো তাঁর মারেফতের গুপ্ত জ্ঞান দিয়ে যান বিবি ফাতেমাকে। আমাদের ঘরের ধর্মগুরু সতী মাও তো একজন নারী। ফকিরানি যে নারী-পুরুষ সবাইকেই দীক্ষা দেওয়ার অধিকারী, সে তো আমার নিজের চোখেই দেখা। খোর্দ আইলচারার কালিদাসী ফকিরানি, ফরিদপুর গ্রামের শুকচাঁদ শাহের সেবাদাসী বানু মাতাজি আর কোকিল শাহের সেবাদাসী যশোদা ফকিরানির কাছে দীক্ষা নেওয়া সাধনপথের নারী-পুরুষের সংখ্যা একেবারে কম নয়। জাঁহাপুরের খোদাবক্স শাহই তো শেষকালে বানু মাতাজির কাছে দীক্ষা নিয়েছিলেন। আর গানের দলেও তো কোনো কোনো ফকিরানির দাপটের কথা মনে পড়ে—এঁদের মধ্যে কুষ্টিয়া শহরের পাশেই মঙ্গলবাড়িয়ার ননীবালা, সরোজগঞ্জের পাশের বলগাতি গ্রামের সুরধনী আর লাইলি ফকিরানির কথা কি কখনো ভোলা যায়!এই নব্বই বছর বয়সে কত বড় বড় সাধক-মহাজনের সঙ্গ লাভ করেছি, তা ভাবলে নিজেকে ধন্য মনে হয়। এঁদের বেশির ভাগই আজ আর নেই—একে একে সব বিদায় নিয়েছেন। তাঁরা ভাগ্যবান—তাঁরা সব পরমাত্মায় মিশে গেছেন। সেই পরমগুরু অমূল্য শাহ, নিমাই শাহ, বেহাল শাহ, শুকচাঁদ শাহ, শৈলকূপার বসন্তপুরের কালাচাঁদ শাহ ও আতর আলী শাহ, শালিখা থানার গোয়ালখালীর মহেন্দ্র গোঁসাই, জাঁহাপুরের খোদাবক্স শাহ, মেহেরপুরের যাদবপুরের গোলাম ঝড়ু শাহ, ঝিকরগাছার বাঁকড়ার কানাই শাহ, ঝুটিয়াডাঙ্গার নঈমুদ্দীন শাহ, ঝিকরগাছার কানকুলা চাঁদা গ্রামের গহর শাহ, ছেঁউড়িয়ার গোলাম ইয়াসিন শাহ, মকছেদ আলী শাহ—আরও কত মহত্-মহাজনের নাম মনে পড়ে। এই সেদিন চলে গেলেন খলিসাকুণ্ডির ফকির আবদুর রব শাহ। হায়, তাঁরা আজ কোথায়! আমি অধম-পাপী শুধু পড়ে আছি ভবযন্ত্রণা ভোগ করতে। ভাবি বসে—অন্তিমকালে ‘কবে সাধুর চরণধূলি মোর লাগবে গায়’!সাধুসঙ্গের কত স্মৃতি আজ মনের মধ্যে গুমরে ফেরে—কোনোটা আনন্দের, কোনোটা বেদনার। গুরু-শিষ্যের মান-অপমানের একটা ঘটনার কথা বলি। শুকচাঁদ শাহের গুরু ছিলেন অমূল্য শাহ। কিন্তু তিনি গোপনে আবার গুরুপদে দীক্ষা নেন হরিয়ারঘাটের খোদাবক্স শাহের কাছে। তো এই শুকচাঁদ শাহ তাঁর ফরিদপুর গ্রামের আখড়ায় এক সাধুসঙ্গের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই গুরুভক্তির নিদর্শন হিসেবে সেবাসামগ্রীর ‘পারস’ দিতে হয়। শুকচাঁদ সেই ‘পারস’ যখন খোদাবক্স শাহের সামনে পেশ করলেন, তখন বিস্মিত-ব্যথিত অমূল্য শাহ মাথা নিচু করে বসে রইলেন আর তাঁর দুই চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে লাগল। এই দৃশ্য দেখে উপস্থিত সাধুরা শুকচাঁদকে তিরস্কার করে গুরু অমূল্য শাহের কাছে মাফ চাইতে বললেন। অনুতপ্ত শুকচাঁদ গুরুর দুই পা জড়িয়ে ধরে মাফ চাইলে অমূল্য শাহ শুধু বললেন, ‘বাবা শুকচাঁদ, যে মানুষটা তোমাকে মাফ করবে, সেই মানুষ তো আর আমার মধ্যে নেই! সে তো কখন চলে গেছে!’ এই ঘটনা সাধু-গুরুদের মধ্যে বেশ ক্ষোভের সঞ্চার করে। এর কিছুকাল পরে শুকচাঁদ শাহ তাঁর ভক্তবাড়িতে হঠাৎ দাস্ত-বমি হয়ে দেহত্যাগ করেন। এসব কথা ভাবলে মনটা বড় নরম হয়ে যায়। গুরু যে চোখের মণি—শুকচাঁদ সেই গুরুমাহাত্ম্য বোঝেনি, সে কারণেই এই ঘটনা—সাধুরা তাই মনে করেন।এই জীবনে কত মানুষের সঙ্গে যে পরিচয় হয়েছে, সে কথা আর কী বলব! আমেরিকা থেকে এসেছিলেন ক্যারল সলোমন—তাঁর শখ হয়েছিল লালন ও বাউলদের নিয়ে কাজ করার। তাঁর সঙ্গে প্রথম দেখা হয় পয়লা কার্তিক ছেঁউড়িয়ায় লালন সাঁইজির স্মরণোৎসবে। কোন সাল তা আজ আর মনে নেই, তবে বছর তিরিশেক আগে হবে বলে মনে হয়। মেম সাহেব কার কাছে যেন আমার নাম শুনে আমাকে খুঁজে বের করেন। আমার কাছে তিনি জানতে চাইলেন, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি’—এই গানটার গোপন মানে কী? তিনি ভেবেছিলেন এটি লালনের গান। আমি তাঁকে বললাম, ‘এ তো লালনের গান নয়। এর পদকর্তা বীরভূমের বাউল গোপাল শাহ। আর এসব তত্ত্বকথার আলোচনা তো এখানে হতে পারে না, আমার ঘরে এলে কথাবার্তা হওয়া সম্ভব।’ আমি তখন যশোরের বারান্দিপাড়ায় থাকতাম। এর কিছুদিন পর হঠাৎ একদিন ক্যারল আমার বারান্দিপাড়ায় ভাড়াবাড়িতে এসে উপস্থিত। এই যাত্রায় আমার ওখানে মাস খানেক ছিলেন। বাউলগান ও তত্ত্ব নিয়ে খুব আগ্রহ ছিল তাঁর, খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করতেন। আমিও সাধ্যমতো তাঁর জিজ্ঞাসার জবাব দিতাম—আর মেম সাহেব খাতায় টুকে নিতেন। এর পরও আরও বেশ কয়েকবার তাঁর সঙ্গে দেখা হয়েছে ঢাকা-কুষ্টিয়া-যশোরে। একবার তাঁকে নড়াইলের ডুমদিতে কবিয়াল বিজয় সরকারের বাড়িতে নিয়ে যাই। তিন-চার দিন ছিলেন। অনেক রাত পর্যন্ত নানা তত্ত্ব নিয়ে আলাপ-আলোচনা হতো। লালনের গানের অনুবাদ ও এই মহেক নিয়ে তিনি কিছু লিখেছিলেন বলে শুনেছি। আমেরিকা থেকে মাঝেমধ্যে চিঠি দিতেন। মেম সাহেবের মনটা বড় সরল ছিল, আর খুব মিশুকও ছিলেন। সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। আমাকে ও ফকিরানিকে খুব ভক্তি করতেন। তাঁর কাছ থেকে আমরা অনেক সাহায্যও পেয়েছি। একবার আমি কুষ্টিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেম সাহেব ঢাকায় নিয়ে গিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করেন। এই মানুষটিও প্রায় বছর ঘুরে এল আমাদের ছেড়ে চলে গেছেন।মানুষের কাছে তো বাউলের ভক্তি-ভালোবাসা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। তবু মিথ্যে বলব না, মানুষের শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসার পাশাপাশি সাহায্য-সহযোগিতাও কম পাইনি। এই যে ঢাকার বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং আরও অনেকে আমাকে খুব ভালোবাসেন। তাঁদের কথা ভুলব না। সরকার নাকি বাউলদের সাহায্য-টাহায্য করে থাকে বলে শুনেছি, কিন্তু কাজে তো তার প্রমাণ পাইনি। কুষ্টিয়ার শিল্পকলা একাডেমীতে মেন্টর ফেলোশিপে লালনের গান শেখানোর দায়িত্ব পেয়েছিলেন ফকির মহিন শাহ। উনি মারা গেলে সেই জায়গায় আমাকে দয়া করে বহাল করা হয়—বছর দেড়েক কাজ করেছিলাম। তারপর আর কেউ ডাকেনি। ১৫-১৬ বছর আগে স্যার (আবুল আহসান চৌধুরী) লালন-শিল্পীদের সঙ্গে আমাকেও কলকাতায় নিয়ে যান। মধুসূদন মঞ্চে আমার গান শোনার জন্য শ্রদ্ধেয় অন্নদাশঙ্কর রায় এসেছিলেন। স্যার কিছুদিন আগে গৌতম ঘোষ নামে কলকাতার এক সিনেমার লোককে নিয়ে এসেছিলেন আমার এই ভাঙা ঘরে। তিনি নাকি লালন সাঁইজিকে নিয়ে সিনেমা করবেন। রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে অনেক গান শোনালাম ফরমায়েশমতো। সিনেমায় লালনের কয়েকটা গান আমাকে দিয়ে গাওয়ানো হবে বলে গৌতম ঘোষ জানালেন। পরে শুনলাম, অন্য গায়ককে দিয়ে তাঁরা গান করিয়েছেন। একবার শুনলাম, সরকার নাকি আমাকে ‘একুশে পদক’ দেওয়া নিয়ে ভাবছে। ভাবলাম, মরণের আগে হলে তো বেশ ভালোই হয়। কিন্তু কাঙালের ভাগ্যে কি আর শিকে ছেঁড়ে! সাঁইজিই তো বলেছেন: ‘সকলি কপালে করে।/ কপালের নাম গোপালচন্দ্র/ কপালের নাম গুয়ে-গোবরে’।সাধুসঙ্গ আর নানা মহতের গান করতে করতে শখ হলো নিজে গান বাঁধার। এ বড় সাহসের কাজ। কোথায় লালন সাঁই, দুদ্দু শাহ, পাঞ্জ শাহ, জহরদ্দি শাহ, হাউড়ে গোঁসাই, যাদুবিন্দু—আর কোথায় করিম শাহ! এ যেন কুঁজোর কাত হয়ে শোয়ার মতো ব্যাপার। যা-ই হোক, সাঁইজির কৃপায় তা নয় নয় করে ২০-২৫ খানা গান রচনা করেছি—দৈন্য, নবুয়ত, বেলায়েত, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, মানুষতত্ত্ব—এসব আর কি! আসরে-বাসরে দু-একখানা গান গাওয়াও হয়। অধম করিমের একটা দৈন্যপদ বলি:এসো ব্যথার ব্যথিত ওগো তুমি আমার সাঁই।তোমার মতো ব্যথার ব্যথিত ব্রহ্মাণ্ডে কেউ নাই \দয়াল দরদি হে লুকাইলে কোন্ শহরেঅধম রাহা-পানে চেয়ে বঞ্চিত সদাই \দীনবন্ধু জগত্কর্তা ভুলো না এ অধীনের কথাদরবেশ নিমাই চাঁদ মোর পরম পিতাঅধম করিম বলছে তাই \গান আর গুরু ছাড়া বাউল হয় না। গানই হলো বাউল-ফকিরের ধ্যান-জ্ঞান-সাধনা। সাধকের সব ইচ্ছা-আকুতি তো গানের ভেতর দিয়েই প্রকাশ পায়। গানে গানেই তো বাউল তার মনের মানুষকে খোঁজে—স্রষ্টাকে খুঁজে বেড়ায়। আমিও সেই ভাব নিয়েই গান গাই। গানই আমার জীবন। গান নেই তো আমিও নেই। গান না করলে আমার ভালো লাগে না। আসরে-বাসরে সাধুসঙ্গে তো গাই-ই, এমনই শুয়ে শুয়েও আপন মনে গান করি। গান হলো আমার আত্মার খোরাক। বাউল-ফকিরের এই করণকারণ আর গান-বাজনার জন্য তো কসুরি কম হয়নি। মোল্লা-মৌলবিরা তো গলা টিপে ধরেছে। কিন্তু বাউলের গান তবু থামেনি, থামবে না কখনো। কেননা এই গান ‘মানুষ সত্যে’র গান—এই গান কোনো জাত-ধর্মের গান না—এ হলো মানুষকে ভালোবাসার গান। আলেক সাঁই।অনুলিখন: আবুল আহসান চৌধুরী