বাওয়ানী পাটকলে আগুন লাগার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার রাতে দেশের অন্যতম বৃহৎ পাটকল আহমেদ বাওয়ানীর তিনটি গুদামে আগুন লাগার ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে পাটকলের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ডেমরা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁরা হলেন, পাটকলের মহাব্যবস্থাপক এনামুল হক, সহকারী নিরাপত্তা প্রধান মুহিদুল হক ও গুদাম ব্যবস্থাপক (৩ নম্বর) মীর আশরাফ আলী। পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আজ এ কথা জানিয়েছেন।মন্ত্রী বলেন, পাটকলটির ৩ নম্বর গুদামে আগুন লাগার পর তা ১ ও ২ নম্বরে ছড়িয়ে পড়ে। বিষয়টি অনুসন্ধানের জন্য পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাটকল করপোরেশনের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার পর পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন পরিচালক (পাট) তরিকুল ইসলাম ও করপোরেশনের তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিজেএমসির চেয়ারম্যান তুলসি দাস মিত্র।মন্ত্রী বলেন, ‘দুই বছর ধরে পাট মন্ত্রণালয় ও বিজেএমসির নিরলস চেষ্টায় পাট যখন সুদিনের মুখ দেখতে শুরু করেছে, ঠিক তখনই পাটের গুদামে আগুন দেওয়ার ঘটনা আমাকে আহত করেছে। তার পরও সাময়িক ক্ষতি থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আহমেদ বাওয়ানী পাটকলের কর্মকর্তা ও শ্রমিকরা বদ্ধপরিকর।’ তিনি বলেন, তিন নম্বর গুদামে আগুন মধ্যরাতে নেভানোর সময় আমি ঘটনাস্থলে আড়াই ঘণ্টা অবস্থান করেছি। এ গুদামের পাশে আরও আটটি গুদাম ছিল, যা রক্ষা করা সম্ভব হয়েছে।ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়ে মন্ত্রী বলেন, তিন নম্বর গুদামের ৭৫ হাজার মণ পাট পুড়ে গেছে, যার দাম ১৫ কোটি টাকা। এ ছাড়া পাটজাতপণ্য, স্থাপনা সংস্কার, আগুন লাগা, ভেজা পাট শুকানো ও বিক্রিযোগ্য করা, ইনস্যুরেন্স, ব্যাংক সুদ আরও ৩৫ কোটি টাকাসহ সব মিলিয়ে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।লতিফ সিদ্দিকী বলেন, পাটের গুদামে যেহেতু বিদ্যুৎ সংযোগ রাখা হয় না, সেহেতু শর্ট সার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। তদুপরি বিকেল সাড়ে পাঁচটায় গুদামের প্রবেশপথে তালা লাগানো হয়। আর আগুন লাগে রাতে সাড়ে আটটায়। গুদামের টিনের চালে একটি অংশ ফাঁকা ছিল। তিন দিন আগের বৃষ্টিতে পাট ভিজেছে। তাই তাপদাহে অগ্নিকাণ্ডের আশঙ্কাও ক্ষীণ। তিনি বলেন, এসব কারণেই এ অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের গোয়েন্দা এবং দুটি তদন্ত দল মিলে যাতে এ বিষয়টি দেখে, সে জন্য নির্দেশ দেয়া হয়েছে।রোববার আগুনের ঘটনার বিষয়ে আহমেদ লতিফ বাওয়ানী জুট মিলের আগুন নেভানোর কাজে সংশ্লি¬ষ্ট উপপরিচালক আবদুর রশিদ বলেন, পাটকলটির ৩ নম্বর গুদাম থেকে আগুন ১ ও ২ নম্বরে ছড়িয়ে পড়ে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় মধ্যরাতে। তবে পাটের গুদামের আগুন নেভানো কঠিন। এ আগুন ধিকি ধিকি জ্বলতে থাকে। দমকলের ১০টি ইউনিট মিলে আগুন নেভায়।পাটকলটির এক শ্রমিকনেতা বলেন, কম দামে নিম্নমানের পাট কিনে বেশি দাম দেখানোর বিষয়টি ফাঁস হওয়ার পর বিজেএমসি তদন্তের উদ্যোগ নেয়। এ কারণে পাটকলটির সংশ্লিষ্ট কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ জাতীয় ঘটনা ঘটাতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।—বাসস